আশিস কুমার ঘোষ, অশোকনগর
রাজ্য সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’র আনুষ্ঠানিক সূচনা হলো অশোকনগরে। আজ বুধবার রাজ্যস্তরে ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই দিনে অশোকনগর শহীদ সদন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অশোকনগর বিধানসভা এলাকার ১০০ জন যোগ্য উপভোক্তার হাতে সরকারি শংসাপত্র তুলে দেওয়া হলো। এদিন অশোকনগর শহীদ সদনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ডাঃ সুময় হীরা, অশোকনগর কল্যাণগড় পুরসভার নির্বাহী আধিকারিক অরুণ কুমার বিশ্বাস, অর্থ অধিকর্তা স্বপন কুমার বাছাড়-সহ পুরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে পুরপ্রধান-সহ পুরপ্রধান পারিষদ সদস্যদের গড়হাজিরা এদিন লক্ষ্যণীয় ছিল।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে অশোকনগরের প্রায় সাড়ে পাঁচ হাজার উপভোক্তার তথ্য যাচাই করে আপলোড করা হয়েছে, যারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা পাবেন। উল্লেখ্য, ব্লকের প্রায় ৩১ হাজার মহিলা বর্তমানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। নতুন প্রকল্পে তাদের বর্ধিত সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন ফর্ম পূরণের বিষয়ে আমজনতাকে বিভ্রান্ত না হতে আশ্বস্ত করেছে।

