ওয়েব ডেস্ক : অভয়া হত্যার বিচারহীনতা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের গ্রেফতার এবং শাস্তি আজও না হওয়ার প্রতিবাদে বৃহত্তর বারাসাত অভয়া মঞ্চের পক্ষ থেকে বুধবার হৃদয়পুরে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। গান, কবিতা ও বক্তব্যের মধ্যে দিয়ে অভয়াকে স্মরণ করা হয়। উল্লেখ্য, গত দু’বছর আগে আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডাক্তার অভয়াকে দুষ্কৃতিরা হত্যা করে। এদিন এই প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ডাক্তার অভয়া হাসপাতালে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। সেজন্য তাঁকে হত্যা করা হয়েছে। সভা থেকে দাবি করা হয় যে, অভয়া-সহ অন্যান্য অভয়াদের হত্যার ন্যায়বিচার অবিলম্বে করতে হবে এবং আহ্বান জানানো হয় যে, এই রাজ্যে শাসকের ক্ষমতাতন্ত্রের আজ যে আস্ফালন চলছে তার বিরুদ্ধে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে ও ক্ষমতাতন্ত্রের বিনাশ ঘটাতে হবে। নাগরিক অধিকার রক্ষা ও রুজিরুটির রক্ষার লড়াইকে জোরদার করতে হবে। কুসংস্কার ও ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্র গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। উল্লেখ্য, প্রতিমাসের নয় তারিখ কর্মসূচির মধ্যে দিয়ে অভয়াদের স্মরণ করে বৃহত্তর বারাসাত অভয়া মঞ্চ।

156 Views