আশিস কুমার ঘোষ, কলকাতা

অসহায় ও আর্থিকভাবে দুর্বল ক্যান্সার আক্রান্ত রোগীদের প্রতি মানবিক সেবার জন্য পরিচিত সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (SGCCRI) লায়ন্স ক্লাব হাওড়ার সহযোগিতায় ১৪ নভেম্বর শিশু দিবস ঠাকুরপুকুরে আয়োজন করল এক বিশেষ অনুষ্ঠান ‘আর্ন এ স্মাইল’ (EARN-A-SMILE 2.0)। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইন্সটিটিউটের ডিরেক্টর ডা.অর্ণব গুপ্ত, সেক্রেটারি অঞ্জন গুপ্ত এবং ডা. গৌতম ভট্টাচার্য।
উদ্বোধনী ভাষণে ডা. অর্ণব গুপ্ত বলেন, ‘শিশুরাই SGCCRI-র স্বপ্ন ও দর্শনের কেন্দ্রবিন্দু। আমাদের প্রতিষ্ঠাতা ডা. সরোজ গুপ্ত বরাবর বিশ্বাস করতেন যে শুধুমাত্র বৈজ্ঞানিক চিকিৎসা নয়, শিশুদের জন্য মানসিকভাবে নিরাপদ ও আনন্দময় পরিবেশ তৈরি করাও অত্যন্ত জরুরি। আমরা প্রতিদিন সেই আশাব্যঞ্জক ও স্নেহময় পরিবেশ তৈরি করার চেষ্টা করি, যেখানে ছোট্ট রোগীরা ভয়ের বদলে আশার আলো দেখতে পায়।’ উদ্বোধনের পর অতিথি ও শিশুদের নিয়ে আয়োজিত হয় আনন্দঘন কেক কাটার অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে ছিল রোগী ও আক্রান্ত সারভাইভারদের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘অভিসার’। এরপর পেশেন্ট নেভিগেটর কাকলি মন্ডল ও প্রতিষ্ঠানের ও ক্যান্সার সারভাইভার অবন্তিকা শর্মা-র যুগল নৃত্য। সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানটির পরিকল্পনা ও দায়িত্বে ছিলেন আর্ট অ্যান্ড মিউজিক থেরাপিস্ট পাপড়ি সাহা। অনুষ্ঠানের সমাপ্তি হয় শিশুদের জন্য জনপ্রিয় শিল্পী জোজো-র সুনন্দিত সংগীত পরিবেশনার মাধ্যমে। শিশুরা অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে এই পরিবেশনা উপভোগ করে।

155 Views