ওয়েব ডেস্ক : নিজের উদ্যোগে গড়ে তোলা সাংস্কৃতিক মঞ্চে কোনও অনুমতি না নিয়েই স্বাস্থ্য শিবির কর্মসূচি করছে ভিন্নমতের সংস্থা বিশ্ব হিন্দু পরিষদ, এ খবর জানার পর তা নিয়ে প্রশ্ন তোলেন আইএসএফ নেতা তাপস ব্যানার্জি। আর এরপরই আক্রান্ত হন তিনি। তাঁকে অচেনা এক যুবক ঘুসি মেরে পালিয়ে যায়। রবিবার সকালে এমন ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২২ নং ওয়ার্ডের বাইগাছি সর্দারপাড়ায়। জানা গেছে, বাইগাছি সর্দারপাড়ায় প্রায় তিন দশক আগে হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থা নামে একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন তাপস ব্যানার্জি। সেখানে আদিবাসীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা ও আদিবাসীদের অধিকার আন্দোলনের পরিসর গড়ে তোলার চেষ্টা করতে থাকেন। পরে সেখানে এই সংগঠনের একটি কার্যালয়ও গড়ে তোলেন এবং ওই কার্যালয়ে নিজের প্রয়াত স্ত্রী বুলা ব্যানার্জির স্মরণে গড়ে তোলেন ‘বুলা ব্যানার্জি স্মৃতি মঞ্চ’।
অভিযোগ, কোনও অনুমতি ছাড়াই ওই মঞ্চে বিশ্ব হিন্দু পরিষদ স্বাস্থ্য শিবির করছে খবর পেয়ে এদিন বেলা ১২টা নাগাদ সেখানে যান তাপস ব্যানার্জি। তিনি দেখেন, বহিরাগত বেশ কয়েকজন বুলা ব্যানার্জি স্মৃতি মঞ্চে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানার লাগিয়ে স্বাস্থ্য শিবির করছে। তিনি জানতে চান যে, কে ওই মঞ্চে স্বাস্থ্য শিবির করার অনুমতি দিয়েছে। উদ্যোক্তারা কোনও সদুত্তর দিতে না পারায় তিনি বলেন, কর্মসূচি যখন নিয়েছেন তা করুন, কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের ব্যানার খুলে দিন। এনিয়ে তাঁর সঙ্গে উদ্যোক্তাদের তর্ক শুরু হয়। বেশ কয়েকজন যুবক তাঁকে ধাক্কা দিতে দিতে রাস্তার ওপর নিয়ে যায় এবং তাদের সঙ্গে কথা কাটাকাটির সময়ে একজন তাঁর মুখে ঘুসি মেরে পালিয়ে যায়। এরপর সম্পূর্ণ ঘটনা জানিয়ে অশোকনগর থানায় একটি অভিযোগ পত্র পেশ করেন তাপস ব্যানার্জি। উপযুক্ত পদক্ষেপ করার আবেদন জানান। এদিন তিনি বলেন, বিশ্ব হিন্দু পরিষদের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তাঁর লড়াই চলবে। আদিবাসীদের হিন্দু করার অপচেষ্টার বিরুদ্ধে লড়াই থামাবেন না তিনি। যত বাধাই আসুক, লড়াই চালিয়ে যাবেন।


