আশিস কুমার ঘোষ, বারাসাত

হৃদস্পন্দনের গতি স্বাভাবিক কিনা তা আগাম পরীক্ষা-নিরীক্ষা এবং রোগীদের এ বিষয়ে সচেতন করার লক্ষ্যে বারাসাতের নারায়ণা হাসপাতাল চালু করেছে ইলেক্ট্রোফিজিওলজি (ইপি) ক্লিনিক। সপ্তাহে দুদিন এই ক্লিনিক পরিষেবা দেবে। এর মাধ্যমে উত্তর ২৪ পরগনায় প্রথম উন্নত কার্ডিয়াক রোগ নির্ণয় পরিষেবা এবং রোগীদের এ বিষয়ে সচেতন করবে এই হাসপাতাল। গত ১৯ ডিসেম্বর ২০২৫ একটি ইপি সচেতনতা শিবিরের মাধ্যমে এর সূচনা করেছে নারায়ণা হাসপাতাল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্বাভাবিক হৃদস্পন্দন (অ্যারিথমিয়া) মূল্যায়নের জন্য ব্যবহৃত একটি উন্নত রোগ নির্ণয় পদ্ধতি এই ইপি ক্লিনিক। ইপি পরীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন প্রয়োজন এবং শুধুমাত্র সার্টিফাইড কার্ডিওলজিস্টরাই এই পরীক্ষা করার জন্য যোগ্য। রোগীর নিরাপত্তা এবং ক্লিনিক্যাল নির্ভুলতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি জরুরি। ওইদিন কার্ডিওলজিস্টদের একটি প্যানেল শিবির পরিচালনা করেন। এই প্যানেলে ছিলেন ড. দেবব্রত বেরা, ড. সরোজ কুমার চৌধুরী, ড.পঙ্কজ সরকার, ড.সুভাশিষ দে এবং ড. আমিরা শেখ। তাঁরা অ্যারিথমিয়ার সাধারণ লক্ষণ যেমন বুক ধড়ফড়, অকারণ মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া এবং শ্বাসকষ্ট নিয়ে আলোচনা করেন এবং সময়মতো মূল্যায়ন ও প্রমাণ-ভিত্তিক পরীক্ষার গুরুত্বের উপর জোর দেন। নারায়ণা হেলথ, বারাসাত জানিয়েছে যে, ইপি ক্লিনিকটি প্রতি শুক্র ও শনিবার পরিচালিত হবে।

139 Views