ওয়েব ডেস্ক : আদিবাসী পাড়ার শিশুদের মধ্যে খাতা, পেন, পেন্সিল, মশারী এবং মিষ্টির প্যাকেট বিতরণ করল ওরা। আর এভাবেই ওরা সাতজন দুর্গোৎসব উদযাপনের সূচনা করল। সেভেন স্টার। সায়ন্তন ঘোষ, অগ্নিভ গাঙ্গুলি, স্বপ্নিল মজুমদার, শ্রেয়া পোদ্দার, অঙ্কিতা ঘোষ, প্রিয়ব্রত রায় ও রাহুল সাহা। সবারই বয়স মেরেকেটে ২০ থেকে ২২ হবে। চতুর্থীর দুপুরে অশোকনগরের বেড়াবেড়ি বালিয়াডাঙার দেপাড়া গ্রামে ‘আদিবাসী নবীন বিপ্লবী সংঘ’ প্রাঙ্গণের পুজো মণ্ডপে কীর্তি ওরাং, অনুষ্কা ওরাং, অন্বেষা ওরাং, টুহু কাহার, রিভু পারুই-সহ প্রায় ৫০ জন শিশুর হাতে পুজো উপহার তুলে দিলো সায়ন্তন-অগ্নিভরা। জানা গিয়েছে যে, ওদের সঙ্গে ওদের অন্য বন্ধুবান্ধবের সহযোগিতাও রয়েছে। সবাই সশরীরে এদিন থাকতে পারেনি। পুজোর দিনগুলি ওরা এভাবেই উদযাপন করতে চায়। পঞ্চমীর দিন একটি বৃদ্ধাবাসের আবাসিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করবে ওরা। এমন একাধিক পরিকল্পনা রয়েছে ওদের। নয়া প্রজন্মের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেপাড়া গ্রামের বাসিন্দারা।
267 Views


