আশিস কুমার ঘোষ, কলকাতা

দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে তাদের আগামী দিনের কর্মসূচির পরিকল্পনা নিয়ে প্রচারমূলক ভিডিও প্রকাশ করল উড়ান পাঠশালা। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিশেষ কিছু জনকল্যাণমূলক কাজে যুক্ত স্বনামধন্য ব্যক্তিদের উপস্থিতিতে গত ২২ জানুয়ারি কলকাতার রোটারী সদনে উদযাপন করল উড়ান মানব সম্মাননা উৎসব। পূর্ব বর্ধমানের উড়ান পাঠশালার মূল উদ্দেশ্য, এমন এক শিক্ষা পদ্ধতি তৈরি করা, যেখানে পড়াশোনা হবে সহজ, আকর্ষণীয় এবং সবার সাধ্যের মধ্যে। পশ্চিমবঙ্গের প্রতিটি কোণে শিক্ষার বিকাশের লক্ষ্যে কাজ করছে উড়ান। বর্ণমালা শেখা এবং প্রাণীদের চিনতে শুরু করে চারপাশের বিশ্বকে জানা, প্রযুক্তি এবং বিজ্ঞানের স্তম্ভ তৈরি করা, রাজনৈতিক, সামাজিক সংস্কারই শিক্ষার মূল বিষয়। শিক্ষাকে সহজ, আকর্ষণীয় ও রংধনুর মতো রঙিন করার শপথ নিয়েছে উড়ান পাঠশালা। শিক্ষা ও দারিদ্র্যের মধ্যে অর্থ কোনও বাধা হবে না।

যেসব ব্যক্তি ও গোষ্ঠীর মানবিক কাজগুলি সফলভাবে মানুষের জীবনকে স্পর্শ করেছে এদিন তাদের উড়ান মানব সম্মাননা দেওয়া হয়। সমাজের বেশ কিছু গুণী ব্যক্তিকে মঞ্চ থেকে সংবর্ধনা দেয় উড়ান। পশ্চিমবঙ্গ সরকারের শিল্প সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী নৃত্যগুরু তন্ময় সেনগুপ্ত, বেঙ্গল গট ট্যালেন্ট চ্যাম্পিয়নশিপ-এর রানার বিশিষ্ট সংগীতশিল্পী সৌরভ চক্রবর্তী এবং অনিশা পান, এছাড়া বেলুড় শ্রমজীবী হাসপাতাল কর্তৃপক্ষ, সুন্দরবনের ভগবান হিসাবে খ্যাত অমল নায়েক, গাছদাদু হিসাবে পরিচিত বৃক্ষপ্রেমী দুখ মাঝি, বিশু ডাক্তার নামে পরিচিত নবতিপর ডাক্তার সুকুমার চন্দ্র, সদাই ফকিরের পাঠশালার প্রতিষ্ঠাতা সুজিত চট্টোপাধ্যায়, আবৃত্তি শিল্পী দেবাশীষ ধারা-সহ বেশ কিছু গুণী ব্যক্তিদের সম্মানিত করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটি উপভোগ্য হয়ে ওঠে।

176 Views