ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গার বরদাকান্ত সাধারণ পাঠাগারের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হবে আগামী রবিবার। গত ৩০ ডিসেম্বর প্রভাতী পদযাত্রার মধ্য দিয়ে এই গ্রন্থাগারের ১০০ বর্ষপূর্তি উৎসবের সূচনা হয়। পাশাপাশি ওইদিন আয়োজিত হয় বসে আঁকো, আবৃত্তি এবং বক্তৃতা প্রতিযোগিতা। বক্তৃতার বিষয় ছিল, ‘বর্তমান প্রেক্ষিতে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা’। শতবর্ষ উদযাপনের আরও অনুষ্ঠান রয়েছে আগামী ১০-১১ জানুয়ারি, শনি ও রবিবার। ওই দুদিনে রয়েছে নৃত্য, সঙ্গীত এবং প্রবন্ধ প্রতিযোগিতা। প্রবন্ধ প্রতিযোগিতার বিষয়, ‘আমাদের জীবন গঠনে বই-এর ভূমিকা’। এছাড়াও রয়েছে ‘গোবরডাঙ্গার অতীত ও বর্তমান, ভারতীয় মনীষী, বিজ্ঞান পরিবেশ ও সাধারণ জ্ঞান’ বিষয়ে দ্রুত চিন্তন প্রশ্নোত্তর প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক সুশোভন ভট্টাচার্য ও দীপক নন্দী জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রভাকর মজুমদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোবরডাঙ্গা পুরসভার পুরপ্রধান শঙ্কর দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা অধিকার-এর প্রাক্তন উপ-অধিকর্তা স্বপ্না রায় ও আঞ্চলিক ইতিহাস গবেষক পবিত্র মুখোপাধ্যায়।

173 Views