আশিস কুমার ঘোষ, কলকাতা

আগামী ৭ এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস। সেই উপলক্ষে গত ২ এপ্রিল বৃহস্পতিবার অভিনব উদ্যোগ গ্রহণ করল ঢাকুরিয়ার মনিপাল হসপিটাল। এদিন সকালে হসপিটালের পক্ষ থেকে গণমাধ্যমের প্রতিনিধিদের বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা, শরীরের ওজন ও রক্তচাপ পরীক্ষা করা হয়। সুস্থ জীবন যাপনের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা নানারকম টিপস দেন সাংবাদিকদের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ অভিজিৎ ভট্টাচার্য, ডাঃ শুভায়ু ব্যানার্জি, ডাঃ সৌম্য কান্তি দত্ত, ডাঃ কুষাণ সেনগুপ্ত, ডাঃ এলিনা দে, ডাঃ তানিয়া লোধ, ডাঃ বিক্রান্ত সিংহরায় প্রমুখ। চিকিৎসকরা বলেন, প্রত্যেক মানুষের সুস্থ জীবন যাপনের চাবিকাঠি তাদের নিজেদের হাতেই আছে। এজন্য তাদের অন্তত ৬টি অভ্যাস মেনে চলতে হবে। প্রথম অভ্যাস হলো ঘুম, প্রতিদিন রাতে ছয় থেকে সাত ঘণ্টা ঘুমাতে হবে। রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। আবার সূর্যোদয়ের পরেই ঘুম থেকে উঠতে হবে। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত আধঘণ্টা এক্সারসাইজ করতে হবে। তাহলে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো সচল থাকবে এবং শরীর থেকে নানা দূষিত পদার্থ দূর হবে। তৃতীয়ত, দুশ্চিন্তা দূর করতে হবে। তার জন্য নিয়ম করে প্রাণায়াম ও ধ্যানে অভ্যাস করতে হবে। চতুর্থত, ফাস্টফুড, জ্যাঙ্ক ফুড, মিষ্টি জাতীয় খাবার, ময়দার তৈরি খাবার যথাসম্ভব কম খেতে হবে। এগুলো শরীরে দূষিত পদার্থ বয়ে নিয়ে আসে। পঞ্চমত, ধূমপান, মদ্যপান যথাসম্ভব কমিয়ে আনতে হবে। এগুলো শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমিয়ে দেয়। ষষ্ঠত, ৪০ বছরের ঊর্ধ্বে প্রত্যেক মানুষকেই বছরে অন্তত একবার রুটিন চেকআপ করতে হবে।

47 Views