অমর চক্রবর্তী, অশোকনগর

পরিবর্তনের হাওয়া এবার উত্তর ২৪ পরগনার অশোকনগরের অন্যতম সেরা সংগঠন সংঘশ্রী ক্লাবেও। রাজ্যে তৃণমূল সরকারের পতন হওয়ার পর থেকেই পরিচিত মুখগুলি অনুপস্থিত ক্লাবের রবীন্দ্র নজরুল জয়ন্তীতে। সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছেন ক্লাবের নবীন, প্রবীণ সদস্যরা। ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রবাদপ্রতিম চিকিৎসক ডাক্তার সাধন সেনের পুত্র ডাক্তার সুজন সেন। সম্পাদক করা হয়েছে সংঘের দীর্ঘদিনের সদস্য, বহু ওঠাপড়ার সাক্ষী তাপস পালকে। উপস্থিত ছিলেন ক্লাবের নবীন এবং প্রবীণ সদস্যরা। ছিলেন বিখ্যাত সমাজসেবী সুভাষ দাস, প্রবীণ ব্যক্তিত্ব ক্লাব কর্মকর্তা স্বপন গুপ্ত। রবিবার সংঘের উদ্যোগে ভাব-গম্ভীরভাবে পালিত হল রবীন্দ্র এবং নজরুল জয়ন্তী। পাশাপাশি সংবর্ধিত করা হলো অশোকনগর বিধানসভার বিধায়ক ডাক্তার সুময় হীরাকে এবং অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের নতুন সুপার ডাক্তার তরুণ বালাকে। এদিন অনুষ্ঠান ঘিরে রীতিমতো সাজো সাজো রব ছিল সংঘশ্রী-পাড়ায়। অশোকনগরের সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর ক্লাবের সম্পাদক তাপস পাল এবং সভাপতি ডা: সেন জানান, বহিরাগত শিল্পী নয়, স্থানীয় ছোটো ছোটো শিশু-কিশোরদের মধ্যে রবীন্দ্র ও নজরুল চেতনা ফিরিয়ে আনাই তাদের কাজ। পূর্বতন সরকারের আমলে বহিরাগত সংস্কৃতি ক্ষতি করছিল সমাজের৷ এ কথা উল্লেখ করে তার তীব্র সমালোচনা করেন ক্লাব সম্পাদক তাপস পাল।

এদিন বিধায়ক ডা: সুময় হীরা এই ঐতিহ্যবাহী ক্লাবের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তিনি জানান, রাজ্যের নতুন সরকার উন্নয়নের ধারা বইয়ে দেবে। তিনি আরও জানান, ওএনজিসি প্রকল্প নিয়ে অশোকনগরে অনেক পরিকল্পনা রয়েছে ডাবল ইঞ্জিন সরকারের। অবিলম্বে এই প্রকল্পের কাজ শুরু হলে অশোকনগরের চেহারা বদলে যাবে। গর্বের সঙ্গে বিধায়ক জানান, এখানকার যে তরল সোনা (খনিজ তেল) পাওয়া যাবে, তা অতি উন্নত মানের। পাশাপাশি স্পিনিং মিলকেও নতুনভাবে পুনরুজ্জীবিত করার ভাবনাচিন্তা রয়েছে বলে জানান বিধায়ক।
ক্লাবের নতুন প্রজন্মের সদস্য তন্ময় চ্যাটার্জি-সহ অন্যান্যরা জোর গলায় বলেন, তারা সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। একসময়ে অশোকনগর কল্যাণগড়ের কালীপুজোর অন্যতম আকর্ষণ ছিল সংঘশ্রীর পুজো। পুরানো দিনের সৈনিকরা ফিরে আসায় আবার কি সংঘশ্রী ক্লাব আগের মতোই কালীপুজো আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে? কালীপুজোকে ফের স্বমহিমায় উজ্জ্বল হবে বলে দাবি করেছেন ক্লাবের কর্মকর্তারা। সব মিলিয়ে এবারের রবীন্দ্র নজরুল জয়ন্তী স্মরণীয় হয়ে রইল সংঘশ্রী ক্লাব ও তাদের সদস্যদের কাছে।

89 Views