আশিস কুমার ঘোষ, কলকাতা
সামনে বিধানসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি ও ইশতেহারকে সামনে রেখে প্রচার চালাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, কোনও রাজনৈতিক দলের কর্মসূচি ও ইশতেহারে পশ্চিমবঙ্গের গৃহ-মালিকদের নানা সমস্যার সমাধানের জন্য কোনও প্রতিশ্রুতি বা ভাবনাচিন্তার প্রতিফলন নেই। দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করা হলেও সরকারি দল বা বিরোধীপক্ষ কারোর কাছে এটা বিবেচনাযোগ্য বলে মনে হচ্ছে না। এই পরিস্থিতিতে কলকাতা বাড়িওয়ালা সমিতির পক্ষ থেকে নোটায় ভোট দিতে অনুরোধ করা হচ্ছে।
সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে এমনই আবেদন রাখেন ক্যালকাটা হাউস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুকুমার রক্ষিত। এদিন তিনি বলেন, মাত্র এক শতাংশ ভোট কম পেলে নির্বাচনের ফল পাল্টে যেতে পারে। সুতরাং নোটায় ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ হয়তো ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, কিন্তু তার ফলে হয়তো তার ভোট কোনও রাজনৈতিক দলের পক্ষে পড়ে যেতে পারে। তিনি আরও জানান, সব রাজনৈতিক দলই সম্পত্তির অধিকার রক্ষায় ব্যর্থ ও অনিচ্ছুক। মধ্যবিত্ত, নিম্নবিত্ত সম্পত্তির মালিকদের দুর্দশার ব্যাপারে কোনও রাজনৈতিক দলের বা গোষ্ঠীর কোনও বক্তব্য নেই। তাই ভোটাধিকার নষ্ট না করে আমরা নোটা চিহ্নে ভোট দেওয়ার পক্ষপাতী।


