ওয়েব ডেস্ক : বাংলার একটি জনপ্রিয় খেলা ক্যারাম৷ এই ইনডোর গেম একসময় হারিয়ে যাওয়ার অবস্থায় ছিল। কিন্তু বেশ কয়েক বছর আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্যারাম খেলার অনুশীলন শুরু হয়েছে। সেই সঙ্গে আয়োজিত হচ্ছে ক্যারাম প্রতিযোগিতারও। কর্মব্যস্ত জীবনে দিনের শেষে বহু মানুষের অবসর যাপন হলো ক্যারাম খেলা। বিভিন্ন বয়সের অগণিত মানুষ ক্যারাম নিয়ে বছরভর মেতে থাকেন। যদিও ক্যারাম খেলোয়াড়দের স্বীকৃতি বা সম্মান মেলে না। এনিয়ে সরকারের তরফেও তেমন কোনও উদ্যোগ দেখা যায় না। অশোকনগর ক্যারাম লাভার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সারা বাংলা ক্যারাম প্রতিযোগিতায় যোগ দেওয়া খেলোয়াড়রা রবিবার সন্ধ্যায় এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ক্যারাম খেলোয়াড়দের স্বীকৃতি এবং সম্মান দেওয়ার জন্য রাজ্য সরকারের প্রতি আবেদন জানান তারা।

৯ আগস্ট শনিবার এবং ১০ আগস্ট রবিবার অশোকনগর জার্মান বাড়ির কাছে ক্যারাম কর্নারে সারা বাংলা ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করেছে অশোকনগর ক্যারাম লাভার্স অ্যাসোসিয়েশন।পাশাপাশি একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিও গ্রহণ করেছে এই ক্যারামপ্রেমী সংগঠন। এইসব কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৪ আগস্ট সকালে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির, দুপুর তিনটেয় কুইজ প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৭টায় ছোট ছোট শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও রয়েছে ১৫ আগস্ট সকালে স্বাধীনতা দিবস উদযাপন, জাতীয় পতাকা উত্তোলন ও বসে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ আর সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য, গত পাঁঁচ বছর ধরে সাফল্যের সঙ্গে সারা বাংলা ক্যারাম প্রতিযোগিতা আয়োজিত করছে অশোকনগর ক্যারাম লাভার্স অ্যাসোসিয়েশন।

282 Views