সুদিন গোলদার, গোবরডাঙ্গা

প্রয়াত শিক্ষিকা তথা বিজ্ঞান লেখিকা রেখা দাঁ-র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও প্রয়াত সমাজকর্মী, সাহিত্যিক তহমীনা খাতুনের ৬০তম জন্মদিবস উপলক্ষে এক সময়োপযোগী আলোচনা সভা অনুষ্ঠিত হলো গোবরডাঙ্গায়। ৫ জুলাই রবিবার বিকেলে তহমীনা খাতুন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে গোবরডাঙ্গা গবেষণা পরিষদের রাখালদাস বন্দ্যোপাধ্যায় সভাকক্ষের রেখা দাঁ মঞ্চে আয়োজিত এই আলোচনা সভার বিষয় ছিল ‘উচ্ছেদের রাজনীতি, রাজনৈতিক উচ্ছেদ’। এই সভায় প্রয়াত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসকেও স্মরণ করা হয়। মঞ্চে উপস্থিত অতিথিদের যথাযোগ্য মর্যাদায় বরণ করা হয়। উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন কল্পনা পাল। এই আলোচনা সভার সভাপতিত্ব করেন বিজ্ঞান লেখক তথা চিকিৎসক ভবানীপ্রসাদ সাহু।

‘উচ্ছেদের রাজনীতি, রাজনৈতিক উচ্ছেদ’ শীর্ষক তহমীনা খাতুন স্মারক বক্তৃতার প্রথম বক্তা ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। বহু দর্শক-শ্রোতার উপস্থিতিতে পরিপূর্ণ সভাকক্ষে বিশিষ্ট তথ্য ও তত্ত্বসমৃদ্ধ বক্তব্য পেশ করেন তিনি। হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি জীবনের উপর জীবিকার অধিকারের কথা উল্লেখ করেন। এরপর প্রাসঙ্গিক এই বিষয়ের বিভিন্ন আঙ্গিক নিয়ে আলোকপাত করেন ন্যাশনাল হকার ফেডারেশনের সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ, সাংবাদিক সঞ্জয় মুখোপাধ্যায়, শিক্ষিকা রূপশ্রী রায় এবং রাজ্য বন্দিমুক্তি সমিতির সম্পাদক ছোটন দাস। উপস্থিত অনেক ব্যক্তিত্ব এই আলোচনায় সাগ্রহে অংশগ্রহণ করেন।

এই অনুষ্ঠানে ‘গ্রামবাংলার খবর’ পত্রিকার পক্ষ থেকে সম্পাদক দিলীপ রায় তহমীনা খাতুনের প্রতিকৃতি স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক সুকুমার মিত্রের হাতে তুলে দেন। উল্লেখ্য, তহমীনা খাতুনের এই প্রতিকৃতি (পোট্রের্ট) এঁকেছেন চিত্রকর সুবীর সরকার। এদিন এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সাধনা মজুমদার ও পরিমলকান্তি ঘোষ। সঙ্গীতে ছিলেন কুমকুম মুখোপাধ্যায়। সবশেষে সকলকে ধন্যবাদ জানান প্রবীণ সমাজকর্মী কালীপদ সরকার। এদিন সমগ্র আলোচনা সভা সুচারুভাবে সঞ্চালনা করেন গোবরডাঙ্গা গবেষণা পরিষদের কর্ণধার বিশিষ্ট বিজ্ঞান লেখক দীপককুমার দাঁ।

65 Views