আশিস কুমার ঘোষ, অশোকনগর
আসন্ন জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বারাসাত পুলিশ জেলার পক্ষে অশোকনগর থানা থেকে একটা পূজো গাইড ম্যাপ প্রকাশ করল। অশোকনগর কল্যাণগড় পুরসভার সেমিনার কক্ষে সোমবার ২৭ অক্টোবর এই গাইড ম্যাপ ও পুজো উদ্যোক্তাদের প্রতি এক নির্দেশিকা প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামনি নস্কর, অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, বারাসাতের মহকুমা শাসক, বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক (হাবড়া), বিদ্যুৎ ও ফায়ার সার্ভিস বিভাগের আধিকারিক-সহ বিভিন্ন পুজো কমিটির উদ্যোরা এবং অশোকনগর কল্যাণগড় পুরসভার কাউন্সিলরা। এদিন বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, পুলিশ এবং পুরপ্রশাসন যথাযথ সহযোগিতা করলেও বিশেষ দায়িত্ব বড় বড় পুজো উদ্যোক্তাদেরই নিতে হবে। বড় কোনও দুর্ঘটনা ঘটলে তখন পুলিশের উপরে আঙ্গুল তোলা হয়। কিন্তু উদ্যোক্তারা যদি নিয়ম মেনে সবকিছু নিজেরা মোকাবেলা করেন তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না।


