আশিস কুমার ঘোষ, কলকাতা
জেআইএস গ্রুপের নবতম সংযোজন পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি ভেটেরিনারি কলেজ। এই গ্রুপের উদ্যোগে হুগলির মগরায় ৩০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে পশু ও মৎস্য বিজ্ঞান শিক্ষার জন্য ভেটেরিনারি কলেজ। শুক্রবার ১৪ নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে এই উদ্যোগের সূচনা পর্বে উপস্থিত ছিলেন জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সরদার তরণজিৎ সিং, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তীর্থ কুমার দত্ত, কলেজের অধ্যক্ষ ড. মোজাম্মেল হক, ড. প্রমিত কুমার ঘোষাল প্রমুখ। জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সরদার তরণজিৎ সিং বলেন, ৫ বছরের ব্যচেলর কোর্সে অন্তত ১ বছরের ইন্টার্নশিপ আবশ্যক। সংস্থার বিজনেস কো-অর্ডিনেটর ড. প্রমিত কুমার ঘোষাল জানান, দেশে পশু চিকিৎসক কম থাকায় এদের চাহিদা প্রচুর। তাই শিক্ষার্থীদের প্লেসমেন্টের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। এখানে হাতে-কলমে শেখানোর সঙ্গে সঙ্গে পশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা রয়েছে। প্রতি সেশানে ৮০ জন শিক্ষার্থী ভর্তি সুযোগ পাবে।


