আশিস কুমার ঘোষ, কলকাতা

ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অফ বেঙ্গল এর পরিচালন ব্যবস্থার দীর্ঘদিনের অভ্যন্তরীণ অস্থিরতার অবসান ঘটেছে। গতবছর ২৫ অক্টোবর এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ৮৯ জন সদস্যের সর্বসম্মতিক্রমে একটি কমিটি গঠিত হয়। কিন্তু পরবর্তীতে কিছু সদস্যের আপত্তির ভিত্তিতে বিষয়টি কলকাতা সিটি সিভিল কোর্টে একটি দেওয়ানী মামলার মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়। ফলে ১২ নভেম্বর ২০২৫ সিটি সিভিল কোর্ট অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। ফলে এক অচলাবস্থার সৃষ্টি হয়। এরপর মনোনীত কমিটির সদস্যরা কলকাতা হাইকোর্টে ভারতীয় সংবিধানের ২২৭ অনুচ্ছেদের অধীনে ওই আদেশকে চ্যালেঞ্জ করেন। গত ২৩ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বিশ্বব্রত বসু মল্লিক এবং ঋজু ঘোষালকে জয়েন্ট স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করেন এবং ১০ মে-র মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গত ৯ মে ১৭ জনের এক কমিটি নির্বাচিত হয়।

এই কমিটির সভাপতি অমিতাভ সরকার, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, কোষাধ্যক্ষ অঞ্জন সাহা-সহ সকল নবনির্বাচিত সদস্যরা ১৩ মে মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানান, সংগঠনের উন্নয়ন ও আধুনিকিকরনের লক্ষ্যে প্রাথমিকভাবে তাঁরা ১০টি ইতিবাচক পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নিয়েছেন। যেগুলো হল, ক্যাশলেস ট্রানজাকশন সিস্টেম চালু করা, দর্শনের জন্য স্মার্ট ডিজিটাল ওয়েবসাইট তৈরি, আরও বৃহৎ উন্নত কানেক্ট বেঙ্গল আয়োজন, সরকারি স্বীকৃতি প্রাপ্তিতে সহযোগিতা, সদস্যদের জন্য ডিজিটাল মেম্বারশিপ কার্ড চালু করা, আধুনিক ও গতিশীল মেম্বারশিপ ডিরেক্টরি তৈরি করা, প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক ওয়ার্কশপের আয়োজন, সরকারি বিভিন্ন প্রকল্পের সরাসরি সংযোগ নিশ্চিত করা। ভ্রমণ পিপাসু মানুষদের উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে এই সংস্থা কাজ করে যাবে বলেও জানান তাঁরা।

45 Views