অমর চক্রবর্তী, হাবড়া
দুর্গাপুজোর আগে দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে এবারও উদ্যোগী হলো উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার আদর্শ হার্ডওয়্যার। শনিবার এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুস্থ শিশুদের হাতে পুজোর উপহার হিসেবে তুলে দেওয়া হয় নতুন জামা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দ থেকে ওই শিশুরা যাতে বঞ্চিত না হয়, ওদের সকলের মুখে যাতে হাসি থাকে, সেই লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ আদর্শ হার্ডওয়্যার-এর। এই উদ্যোগ অবশ্য নতুন নয়, গত ১১ বছর ধরে এভাবেই দুর্গাপুজোর আগে ছোট ছোট শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নেয় এই সংস্থা।
এদিন আদর্শ হার্ডওয়্যারের পক্ষ থেকে হাবরা রেল কলোনি-সহ বেশ কয়েকটি এলাকার দুস্থ ও অসহায় শিশুদের হাতে তুলে দেওয়া হয় এই পুজোর উপহার। উদ্যোক্তাদের দাবি, মোট ২৫০ জন শিশুর হাতে এই উপহার তুলে দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে নতুন উপহার পেয়ে খুশি ছোট ছোট শিশুরা। তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পুজোর আনন্দ সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টা নিঃসন্দেহে মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত।

