আশিস কুমার ঘোষ, কলকাতা

হিমাদ্রি মেমোরিয়াল ক্যান্সার ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত এনসিআরআই হসপিটাল বা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতালে দূরবর্তী অঞ্চল থেকে আগত রেডিওথেরাপি রোগীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা চালু হল। ক্যান্সার চিকিৎসার জন্য দূরবর্তী জেলা ও প্রান্তিক অঞ্চল থেকে আগত রোগীদের অন্যতম প্রধান সমস্যা সমাধানে একটি রোগীকেন্দ্রিক উদ্যোগ গ্রহণ করল এনসিআরআই হসপিটাল। এনসিআরআই হসপিটাল এখন রেডিওথেরাপি গ্রহণকারী রোগীদের এবং তাঁদের সঙ্গে থাকা একজন সহযোগীর জন্য সম্পূর্ণ রেডিয়েশন চিকিৎসা চলাকালীন বিনামূল্যে থাকার ব্যবস্থা করেছে । আধুনিক ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রায় দুই-তৃতীয়াংশ ক্যান্সার রোগীর চিকিৎসার কোনও না কোনও পর্যায়ে রেডিওথেরাপির প্রয়োজন হয়। তা সে নিরাময়মূলক অথবা উপশমূলক চিকিৎসার অংশ হিসেবেই হোক না কেন, রোগের ধরন ও চিকিৎসা পদ্ধতির উপর নির্ভর করে রেডিওথেরাপির মেয়াদ ১ সপ্তাহ থেকে ৭/৮ সপ্তাহ পর্যন্ত হতে পারে। পশ্চিমবঙ্গে আধুনিক রেডিয়েশন থেরাপি যন্ত্র বর্তমানে শুধুমাত্র কলকাতা, মালদহ ও বর্ধমানের সরকারি মেডিকেল কলেজগুলোতে রয়েছে। অন্যান্য জেলায় এই সুবিধা না থাকায় অধিকাংশ ক্যান্সার রোগীকেই রেডিওথেরাপির জন্য কলকাতায় আসতে হয়।

দূরবর্তী জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে আগত রোগীদের জন্য কলকাতায় থাকার ব্যবস্থা করা একটি বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। চিকিৎসাধীন থাকার সময় জন্য বহু পরিবারকে কুড়ি থেকে পঁচিশ হাজার বা তারও বেশি অর্থ ব্যয় করতে হয় যা তাদের ওপর অতিরিক্ত আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করে। এর ফলে অনেক রোগী চিকিৎসা গ্রহণ থেকে বিরত থাকেন অথবা চিকিৎসা চলাকালীন রেডিওথেরাপি মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হন। এই বাস্তব সমস্যার গুরুত্ব উপলব্ধি করে রেডিওথেরাপি রোগী এবং তাদের সঙ্গে থাকা একজন পরিচর্যাকারীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা করেছে এনসিআরআই হসপিটাল। ক্যান্সার চিকিৎসায় আর্থিক অসুবিধা বা অস্থায়ী বাসস্থানের অভাবে কোনওভাবেই সময় মতো ও নিরবিচ্ছিন্ন ক্যান্সার চিকিৎসার পথে বাধা হয়ে যাতে না দাঁড়ায় সেদিকে লক্ষ্য রেখে। এনসিআরআই হসপিটাল একটি পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র যেখানে একই ছাদের নিচে বহুমাত্রিক অনকোলজি পরিষেবা প্রদান করা হয়। হাসপাতালে কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনো থেরাপি এবং অত্যাধুনিক রেডিয়েশন অনকোলজি-সহ আধুনিক ক্যান্সার চিকিৎসার সম্পুর্ণ পরিষেবা উপলব্ধ রয়েছে। মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হসপিটাল কর্তৃপক্ষ এই ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেন।

3 Views