অমর চক্রবর্তী, অশোকনগর

২০২১-এর সেই স্মৃতি ফের ফিরে এল ২০২৬-এর নির্বাচনী আবহে। টলিউড সুপারস্টার তথা তৃণমূল সাংসদ দেবকে কেন্দ্র করে ফের একবার উন্মাদনার জোয়ার দেখল উত্তর ২৪ পরগনার অশোকনগর- কল্যাণগড়। প্রচন্ড গরমের মধ্যেও বৃহস্পতিবার বিকেলের রোড শো প্রমাণ করে দিল, সময়ের সাথে সাথে দেবের জনপ্রিয়তা কমেনি তো বটেই, বরং তা আরও বেড়েছে। এদিন দুপুর থেকেই মানুষের গন্তব্য ছিল অশোকনগরের ৮ নম্বর কালিবাড়ি এলাকা। সেখান থেকে চৌরঙ্গী, কচুয়া মোড়, বিজয় ফার্মেসি হয়ে কল্যাণগড় মোড়—পুরো এলাকা কার্যত চলে গিয়েছিল জনতার দখলে। নির্ধারিত সময়ের কিছুটা পরে দেবের গাড়ি পৌঁছতেই শুরু হয় গগণভেদী চিৎকার। এই ভিড় কেবল রাজনৈতিক সমর্থকদের নয়, সাধারণ মানুষের ভালোবাসা উপচে পড়ার এক অনন্য নজির।

রাজনীতির মঞ্চে থেকেও দেব বারবার প্রমাণ করেছেন তিনি সোজাসাপ্টা কথা বলতেই অভ্যস্ত। মিঠুন চক্রবর্তীর মতো রাজনৈতিক বিরোধী ব্যক্তিত্বের সঙ্গে তাঁর ব্যক্তিগত সুসম্পর্ক নিয়ে বহুবার কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে, কিন্তু দেব তাঁর অবস্থানে অনড় থেকেছেন। সাধারণ মানুষের মতে, দেবের এই স্বচ্ছ ও নির্ভীক স্বভাবই তাঁকে আর পাঁচজন রাজনৈতিক নেতার থেকে আলাদা করে রেখেছে। অশোকনগর বিধানসভার প্রার্থী নারায়ণ গোস্বামী বরাবরই দেবকে তাঁর জন্য অত্যন্ত শুভ বা ‘লাকি’ বলে মনে করেন। ২০২১ সালেও দেবের হরিপুর হেলিপ্যাডে নেমে নালন্দায় সভার পর বিপুল জয় এসেছিল নারায়ণ গোস্বামীর। এবারও সেই একই ধারায় দেবের হাত ধরেই জয়ের রাস্তা তৈরি করতে চাইছেন তিনি।

এদিনের ভিড়ে এমন অনেকের দেখা মিলেছে যাঁরা রাজনীতির রং দেখে আসেননি। বিড়া থেকে আসা এক তরুণীর কথায়, ‘আমি দেবকেই দেখতে এসেছি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’ এই আবেগই বলে দিচ্ছে দেব কেবল একজন সাংসদ নন, তিনি এখনও বাঙালির প্রিয় ‘পাবলিক আইকন’।
দেবের এই মেগা রোড শো তৃণমূলের ভোট বাক্সে কতটা অক্সিজেন জোগাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এই জনজোয়ার কি ভোটবাক্সে প্রতিফলিত হবে? এই প্রশ্নের জবাব মিলবে আগামী ৪ মে। তবে আপাতত অশোকনগরের বাতাসে কেবলই প্রতিধ্বনিত হচ্ছে দেব-নাম।
ছবি : অভিজিৎ ঘোষ

6 Views