ওয়েব ডেস্ক : গত মাসে নাগপুরে আত্মহত্যা করেন নীট (ইউজি) পরীক্ষার্থী আকাঙ্ক্ষা চতুর্বেদী। কিন্তু তাঁর পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করেননি বা তাঁদের পাশে দাঁড়াননি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। মঙ্গলবার নাগপুরের সংবিধান স্কোয়ারে আয়োজিত ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভ সমাবেশে এনিয়ে প্রশ্ন তোলেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের তীব্র সমালোচনা করেন তিনি। এছাড়াও এদিন দীপকে বলেছেন, ৩রা মে নির্ধারিত ‘নিট-ইউজি’ পরীক্ষা বাতিলের জেরে যে পাঁচ-ছয়জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তাদের বাবা-মায়ের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথমেই ক্ষমা চাওয়া উচিত।

মধ্যপ্রদেশের বাসিন্দা আকাঙ্খা চতুর্বেদী মে মাসে অনুষ্ঠিত মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বাতিল হওয়ার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন। অভিযোগ, সে কারণেই তিনি আত্মহত্যা করেন। এদিন নাগপুরের বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় থাকার ঘোষণা করার পাশাপাশি আত্মঘাতী পরীক্ষার্থী আকাঙ্খার প্রসঙ্গও তুলে ধরেন দীপকে। আর ওই পরীক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ না করার জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের তীব্র সমালোচনা করেন তিনি। এদিন দীপকে বলেন, সরকারের ‘ব্যর্থতার’ কারণেই তাঁকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে।

দেশজুড়ে সিজেপি-র যে বিক্ষোভ সমাবেশ চলছে তার মধ্যে এদিন সবচেয়ে বেশিসংখ্যক মানুষ সমবেত হওয়ার জন্য নাগপুরবাসীকে ধন্যবাদ জানান দীপকে।
এক্স-এ তিনি লেখেন, ধন্যবাদ নাগপুর, এযাবৎকালের মধ্যে বৃহত্তম সংখ্যায় সমবেত হওয়ার জন্য! আপনাদের সমর্থনই ন্যায়বিচারের এই লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মহাত্মা গান্ধী ও বাবাসাহেব আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ ও অহিংস বিক্ষোভের মধ্য দিয়ে অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে!’

88 Views