বিক্রম পাল, হাবড়া
মাত্র ১৮ থেকে ২০ বছর বয়স। সমবয়সীদের অনেকেরই অবসর কাটে আড্ডায় বা মোবাইল স্ক্রিনে। অথচ, পড়াশুনোর পাশাপাশি নিজেদের পায়ে দাঁড়ানোর লড়াই চালাচ্ছে দুই বোন। হাবড়ার ফুলতলা এলাকার বাসিন্দা সাথী মণ্ডল ও তাঁর বোন নিজেদের হাতে তৈরি রকমারি অলঙ্কার ও ঘর সাজানোর নান্দনিক জিনিসপত্র বিক্রি করে নজর কেড়েছে বহু মানুষের। বাবা অসংগঠিত শ্রমিক। মন্ডপ সজ্জার একজন কর্মী। এরমধ্যেও সাথী ও তাঁর বোন সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে, ঘরে বসে নিজেদের হাতের নিখুঁত কারুকাজে তৈরি করছে কানের দুল, হার-সহ নানান আঙ্গিকের অলঙ্কার এবং শোপিস। আর প্রতিদিন বিকেল হলেই হাবড়া হিজলপুকুর প্রগতি সংঘ ক্লাব ময়দানের বিপরীতে ছোট একটি টেবিলে নিজেদের ভালোবাসার সেসব সৃষ্টিকে সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়ছে।
খুবই সীমিত ও সাশ্রয়ী মূল্যে তাঁদের কাছে এই হস্তশিল্পগুলি মিলছে। কিন্তু গত দুই মাস ধরে তাঁরা এই ব্যবসা শুরু করলেও এখনও পর্যন্ত তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। যদিও তাতে দমে যেতে নারাজ এই দুই বোন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও নিজেদের ব্যবসাকে ছড়িয়ে দিতে একটি ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ খুলেছে, যার মাধ্যমে ক্রেতাদের পছন্দ অনুযায়ী অর্ডারও নিচ্ছে, আবার অর্ডার অনুযায়ী ক্রেতাদের হাতে জিনিসপত্র তুলেও দিচ্ছে। স্থানীয় প্রশাসন বা বড় কোনও প্রতিষ্ঠানের আর্থিক সাহায্য ছাড়াই তরুণ প্রজন্মের এই স্বাবলম্বী হওয়ার মানসিকতা এবং অদম্য ইচ্ছেশক্তি নিঃন্দেহে প্রশংসার যোগ্য। যেসব মানুষ হস্তশিল্পের অলঙ্কার বা শোপিস পছন্দ করেন, তাঁরা এই দুইবোনের অনলাইন পেজ থেকে কেনাকাটা করতে পারেন, তাতে এই উদ্যোগীদের স্বপ্নপূরণের পথ অনেকটাই সহজ হতে পারে।

