ওয়েব ডেস্ক : বিদ্যাসাগরের জন্মদিন হোক শিক্ষা দিবস, দাবি উঠল শোভন শিল্প পত্রিকার মনীষী স্মরণ সভায়। এই দাবি তুললেন বিদ্যাসাগর বিশেষজ্ঞ অমিতাভ বন্দ্যোপাধ্যায়। ১১ জুলাই শনিবার বিকেলে মধ্যমগ্রাম শিল্প সুষমা আর্ট গ্যালারিতে শোভন শিল্প পত্রিকা আয়োজিত মনীষী স্মরণ সভায় এই দাবি তোলেন তিনি। উপস্থিত সকলেই করতালি দিয়ে তাঁর এই দাবির প্রতি সমর্থন জানান। উল্লেখ্য, এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি পরাশর বন্দ্যোপাধ্যায়, কবি অশোক মুখোপাধ্যায়, কবি জয়দীপ চট্টোপাধ্যায় এবং কবি-নাট্যকার সমুদ্র বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে এই সভায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডা: বিধানচন্দ্র রায়, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রমুখ মনীষীদের স্মরণ করা হয়। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ছিল বক্তৃতা, কবিতা পাঠ, সঙ্গীত, নৃত্য পরিবেশন এবং গুণীজন সংবর্ধনা। উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক নূতন জগৎ সংবাদপত্রের সম্পাদক চিত্তরঞ্জন চট্টোপাধ্যায় ও অন্যান্য অতিথিরা। এদিন সবশেষে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শোভন শিল্প পত্রিকার সম্পাদক শোভনলাল মৈত্র উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

76 Views