ওয়েব ডেস্ক : বিশেষ চাহিদাসম্পন্ন ১১০ জন ব্যক্তিকে ব্যাটারিচালিত ট্রাইসাইকেল অর্থাৎ ই-ট্রাইসাইকেলে উপহার দিল স্বেচ্ছাসেবী সংস্থা অশোকনগর কচুয়া মোড় কাঁকপুল নবায়ন। শুক্রবার অশোকনগর কচুয়া মিলন সংঘ ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে এই ১১০ জনকে ই-ট্রাইসাইকেল উপহার দেয় নবায়ন। এদিন নবায়ন-এর সম্পাদক দীপক কর জানান, গত ৩০ বছর ধরে তাঁরা নানান ধরনের সামাজিক কর্মকাণ্ড সংগঠিত করেন। প্রতি তিনবছর অন্তর তাঁদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে ট্রাইসাইকেল বিতরণ করা হয়। এদিন অশোকনগর-সহ দমদম, হাকিমপুর, ঘোজাডাঙ্গা, স্বরূপনগর, ন্যাজাট, মছলন্দপুর, বাগদা, হাড়োয়া, হরিণঘাটা, রানাঘাট, ধুবুলিয়া এলাকার মোট ১১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে ব্যাটারি চালিত ট্রাই-সাইকেল উপহার দেওয়া হয়। ট্রাইসাইকেল বিতরণ কর্মসূচি ছাড়াও এদিন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক ডা. সুময় হীরা, প্রাক্তন আইপিএস সুজয় চন্দ, হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী হিমাংশু দাস, শ্যামলেন্দু দে, গোপাল দত্ত প্রমুখ।

136 Views