আশিস কুমার ঘোষ
বিশ্ব যোগা দিবস পালন করল গোবরডাঙ্গার অন্যতম তরুণ নাট্যদল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থা। গত ২১ জুন ঠাকুরনগর হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার পরিচালনায় পালিত হলো এই যোগা দিবস। পি.আর. ঠাকুর গভর্নমেন্ট কলেজ সংলগ্ন ময়দানে এই যোগা কর্মসূচি পালিত হয়। ‘এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ’ এই কথা মাথায় রেখে এই আয়োজন। বিনা ওষুধে নিজের শরীরকে সুস্থ রাখতে গেলে যে যে ব্যায়াম অভ্যাস করা প্রয়োজন, মূলত সেই দিকটাতেই জোর দিয়েছেন যোগা প্রশিক্ষক নবনীতা দেব। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার সদস্যরা এই কর্মসূচিতে অংশ নিয়েছে। আকাঙ্ক্ষার পরিচালক প্রশান্ত সরকার জানান, ‘যোগা অভ্যাস আমাদের অত্যন্ত প্রয়োজন। শিল্পীদের যোগাভ্যাস অত্যন্ত প্রয়োজন। এছাড়াও সাধারণেরও প্রয়োজন এই যোগ চর্চা। আমরা এমন ভাবেই আমাদের কর্মসূচি চালিয়ে যাব’।


