আশিস কুমার ঘোষ, কলকাতা

কলকাতার রাণী রাসমণি রোডে ৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হলো বঙ্গ প্রাদেশিক ব্যাংকস্ কন্ট্রাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন-এর ৪র্থ সম্মেলন। এই সংগঠনটি পশ্চিমবঙ্গের বিভিন্ন পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও কো-অপারেটিভ ব্যাংক-এ কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠন। এই সংগঠন বঙ্গ প্রাদেশিক ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সঙ্গে সংযুক্ত, যা অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা হিসেবে ১৯৪৬ সাল থেকেই পরিচিত। এদিন বঙ্গ প্রাদেশিক ব্যাংকস্ কন্ট্রাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন-এর সম্মেলনের উদ্বোধন করেন বিপিবিইএ-র চেয়ারম্যান কমল ভট্টাচার্য। মূল্যবান বক্তব্য রাখেন এআইবিইএ-র সভাপতি রাজেন নাগর এবং অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ। সকলেই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, পদক্ষেপ এবং সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, সম্মিলিত শ্রমিক কর্মচারী, কৃষিজীবী এবং আপামর জনসাধারণের মিলিত আন্দোলন এবং সচেতনতাই সরকারকে দেশ এবং জনগণের স্বার্থ বিরোধী কাজ থেকে বিরত রাখতে পারবে। সকলের যোগদান এবং যুক্তিপূর্ণ বক্তব্য এদিনের এই সম্মেলনকে আরও সফল করে তোলে। বিপিবিইসিএ-র পক্ষ থেকে সাধারণ সম্পাদক ও বিপিবিইএ-র যুগ্ম সম্পাদক সৈয়দ মোহা: শাহাবুদ্দিন বলেন, আমাদের প্রিয় দেশ আজ এক গুরুত্বপূর্ণ ও জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে সরকারের বেশিরভাগ সিদ্ধান্তই দেশের শ্রমজীবী, কৃষিজীবী, চাকরীজীবি, দৈনন্দিন খেটে খাওয়া মানুষ এবং শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বার্থবিরোধী।

139 Views