অমর চক্রবর্তী, অশোকনগর
ফের ১২০ জন প্রতিবন্ধী মানুষের হাতে ট্রাই-সাইকেল, শ্রবণযন্ত্র, কোমরের বেল্ট ও ব্যাটারিচালিত গাড়ি তুলে দিয়ে নজির গড়ল উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের নবায়ন সংস্থা। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় রবিবার অশোকনগরের কচুয়া মোড় মিলন সংঘে আয়োজিত হয় এই মহতী কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক ডা. সুময় হীরা, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বিজেপি রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র, কংগ্রেস নেত্রী ইন্দ্রানী চ্যাটার্জী, অশোকনগরের বিজেপি নেতা বাপি মিস্ত্রি, নেত্রী রিংকি সুর, বিজেপি নেতা কানু বিশ্বাস, পলাশ দাস প্রমুখ।
নবায়ন সংস্থার কর্ণধার দীপক কর জানান, সারা বছর ধরেই তাঁদের সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড চালানো হয়। কয়েকমাস আগেও শতাধিক প্রতিবন্ধী ও অসহায় মানুষের হাতে ব্যাটারিচালিত গাড়ি-সহ বিভিন্ন সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে ফের ১২০ জনের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন সহায়ক সরঞ্জাম। কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যেই এই কর্মসূচি সম্ভব হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরও সাহায্য পাওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। মানবিক এই উদ্যোগ ঘিরে এদিন মানুষের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিবন্ধী মানুষজন সহায়ক সরঞ্জাম পেয়ে স্বাভাবিকভাবেই খুশি।


