ওয়েব ডেস্ক : প্রতিবছরের মতো এবারও ২৮ জুলাই শিলিগুড়িতে প্রয়াত চারু মজুমদারের শহীদ দিবস পালন করল নকশালবাড়ি শহীদ স্মৃতি রক্ষা কমিটি। এদিন কমিটির উদ্যোগে এক মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এই মিছিল শহরের মহানন্দা ব্রীজের পাদদেশ থেকে শুরু হয়ে বাঘা যতীন পার্কের পাশে অবস্থিত চারু মজুমদারের মূর্তির সামনে এসে শেষ হয়। সেখানে তাঁর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে সমাবেশের কাজ শুরু হয়। সমাবেশে এলাকার বিশিষ্ট নাগরিকরা তাঁর রাজনৈতিক মতাদর্শ ও শিক্ষা নিয়ে বিশদে আলোচনা করেন। বক্তারা বলেন, আজ যখন ভারতবর্ষে ফ্যাসিবাদী রাজ কায়েম করা হচ্ছে, দেশকে পুঁজিপতিদের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে, ধর্মীয় সাম্প্রদায়িক বিভাজন করা হচ্ছে তখন বেশি বেশি করে শহীদ চারু মজুমদারের দেখানো পথে আন্দোলন গড়ে তুলতে হবে। শোষণহীন সমাজের যে স্বপ্ন তিনি দেখেছিলেন তাকে সফল করে তুলতে হবে।
উল্লেখ্য, ১৯৭২ সালের ২৮ জুলাই, নকশালবাড়ি কৃষক আন্দোলনের নেতা ও অবিভক্ত সিপিআই (এম-এল) পার্টির সর্বভারতীয় সম্পাদক চারু মজুমদারকে কলকাতার লালবাজার পুলিশ লকআপে হত্যা করা হয়। সেই থেকে ভারতবর্ষের বিপ্লবী সংগঠনগুলো এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে।
39 Views

