আশিস কুমার ঘোষ, বারাসাত
সম্প্রতি বারাসাতের শরণ্যা অ্যাপার্টমেন্টে বিশিষ্ট কবি মিতালী সাহা ঘোষের তৃতীয় কাব্যগ্রন্থ আনন্দ সাড়ম্বরে প্রকাশিত হলো। আনন্দঘন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক ড. তাপস কান্তি বাইন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন হাইস্কুলের প্রধান শিক্ষক ড. মনোজ ঘোষ, কবি অমর ঘোষাল, বিশিষ্ট সাংবাদিক মৃণালকান্তি সাহা, সঙ্গীত শিক্ষক অলোক ঘোষ, সমাজসেবী পুলকেশ ঘোষ প্রমুখ। কবি মিতালী সাহা ঘোষ জানান, তিনি তার পিতা সাহিত্যিক-সাংবাদিক মৃণালকান্তি সাহার থেকে অনুপ্রাণিত হয়ে কবিতা লিখতে শুরু করেন খুব ছোট বয়স থেকে। পরবর্তীকালে স্বামী অলক ঘোষের থেকে উৎসাহ পেয়ে বই প্রকাশের উদ্যোগ নেন। কবির প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো লুকোচুরি, সাঁঝের বাতি।


