আশিস কুমার ঘোষ, হাবড়া

মুক্তি পেল নতুন কমেডি ছবি ফণিবাবু ভাইরাল। গত ৬ মার্চ মুক্তি পেয়েছে এই ছবি। কলকাতা-সহ ৫০টিরও বেশি মাল্টিপ্লেক্সে ছবিটি বেশ রমরমিয়ে চলছে। আগাগোড়া কমেডি এই ছবির নায়ক শুভাশিস মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, রাজু মজুমদার, খরাজ মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজন কমিডিয়ান। অশোকনগরের ছেলে রাজু মজুমদারের প্রথম ছবি এটা। টালিগঞ্জের বিভিন্ন বাংলা ছবিতে কৌতুক অভিনেতা হিসেবে দীর্ঘদিনের পরিচিত নাম রাজু মজুমদার। এই প্রথম ছবি পরিচালনায় হাত দিলেন তিনি। রাজুকে প্রযোজনায় সহায়তা করতে এগিয়ে এসেছেন এক অবাঙালি প্রযোজক অশোক আদিত্য। সম্প্রতি হাবড়ার একটি মাল্টিপ্লেক্সে ছবির পরিচালক ও কলাকুশলীরা উপস্থিত হন। তাঁরা দর্শকদের মতামত যাচাই করতে আসেন। উপস্থিত দর্শকরাও আপ্লুত ছবির হিরো-হিরোইনদের সামনে পেয়ে। কৌতুক অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় জানান, প্রায় ২০০-রও বেশি ছবিতে অভিনয় করেছি কমেডিয়ান হিসেবে। কিন্তু ছবির নায়ক হিসেবে এটাই আমার প্রথম ছবি। আমার ভাবতে অবাক লাগছে আমিও ছবির নায়ক হতে পারি। পরিচালক রাজু মজুমদার জানান, ছবিটা আগাগোড়া কমেডিয়ান হলেও বর্তমান সমাজে এই ঘটনাগুলো বাস্তব। এই বাস্তব ঘটনায় কমেডি মিশিয়ে ছবিটা দর্শকদের মনোরঞ্জনের জন্য তৈরি করেছি। ছবির ভালো-মন্দ বিচারের দায় দর্শকদের।

71 Views