সুদিন গোলদার, অশোকনগর
অশোকনগরে এক মনোরম শান্ত পরিবেশে ৩ মে রবিবার আয়োজিত হলো ‘যেথায় আমার ঘর’ পত্রিকার সুবর্ণ জয়ন্তী (৫০ বছরে পদার্পণ)-এর সূচনা অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সভার সভাপতি বর্ষীয়ান শিশুপ্রেমী শিক্ষাবিদ অপুর্ব গাঙ্গুলী। পঞ্চাশটি মঙ্গলদীপ প্রজ্জ্বলন করা হয়। উদ্বোধনী সঙ্গীত পরেবেশন করেন শর্মিষ্ঠা সাহা। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন শিশুশিল্পী অষ্মিতা ঘোষ ও অহনা সাহা। প্রায় ৪০ জন সম্মানীয় সভাসভ্য-সভ্যাকে সম্মান সূচক চন্দনটিপ, উত্তরীয়, স্মৃতিস্মারক ও পত্রিকা প্রদান-সহ সম্মাননা জ্ঞাপন করেন পত্রিকার পক্ষে পত্রিকা পরিবারের একাধিক সদস্যা। সভা পরিচলনায় ছিলেন অংশুমান সাহা। স্বাগত ভাষণে সভাকে আন্তরিক অভিনন্দন ও অভিবাদন জানিয়ে আয়োজনের উদ্দেশ্য-বিধেয় সংক্ষেপে তুলে ধরেন তিনি। সভাপতি অপূর্ব গাঙ্গুলি সার্বিক শুভেচ্ছা জানিয়ে স্বল্প পরিসরে পত্রিকার আদর্শ চরিত্র-সহ সংবাদ, সম্পাদকীয়-সহ পরিবেশনে সম্পাদক, সাংবাদিক, প্রতিষ্ঠাতা মৃণালকান্তি সাহার পরিচ্ছন্ন ভাষাবোধ ও কৌলিন্যের তাৎপর্য উল্লেখ করেন। তিনি পরমপুরুষকারের আশীর্বাদে পত্রিকা দীর্ঘতর পথের যাত্রী হোক মনে রেখে শুভেচ্ছা জ্ঞাপন করেন। স্বরচিত কবিতা, সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন উপস্থিত কবি, শিল্পীরা। আগত অতিথিদের মধ্যাহ্ন ভোজনে আপ্যায়নের ব্যবস্থায় সবাই তৃপ্তি লাভ করেন। পত্রিকা-সম্পাদকের কিছুকথা দিয়ে সভার সমাপ্তি ঘটে।


