আশিস কুমার ঘোষ, কলকাতা

আসন্ন বিধানসভা নির্বাচন৷ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তাঁদের সম্পর্কে যাবতীয় তথ্য সাধারণ ভোটারদের সামনে তুলে ধরার জন্য যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এবং পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ। সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ঘোষণাপত্র অনুযায়ী প্রার্থীদের ফৌজদারী মামলা, সম্পত্তির বিবরণ, শিক্ষাগত যোগ্যতা-সহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ-সহ তুলে ধরা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই তথ্য সাধারণ মানুষকে অবহিত করার জন্য এই বিশ্লেষণের আয়োজন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দ্বিতীয় দফায় প্রার্থীর সংখ্যা ১৪৪৫ জন। এরমধ্যে নিরক্ষর ১৬ জন, স্বাক্ষর ৩৯ জন, পঞ্চম শ্রেণী উত্তীর্ণ ৫৬ জন, অষ্টম শ্রেণী উত্তীর্ণ ১৬৯ জন, দশম শ্রেণী উত্তীর্ণ ১৭৫ জন, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ২৪৬ জন, স্নাতক ৪৯০ জন, স্নাতকোত্তর ২১৬ জন, ডক্টরেট ১৫ জন, ডিপ্লোমা ২৩ জন। লিঙ্গের ভিত্তিতে পুরুষ প্রার্থী ১২২৭ জন এবং নারী ২১৮জন। রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের স্বঘোষিত ফৌজদারী মামলা, কংগ্রেসের ১৪২ জন প্রার্থীর মধ্যে গুরুতর ফৌজদারী মামলা আছে ৩৭ জনের নামে৷ অন্যদিকে তৃণমূলের ৪৯ জনের নামে, বিজেপির ১০২ জনের নামে, এসইউসিআই এর ১০২ জন প্রার্থীর মধ্যে মাত্র দুইজনের নামে, সিপিআইএমের ১০০ জন প্রার্থীর মধ্যে ৫১ জনের নামে, আমজনতা উন্নয়ন পার্টির ৭২ জনের মধ্যে ১৪ জনের নামে, আইএসএফ-এর ২২ জন প্রার্থীর মধ্যে ১২ জনের নামে, ফরওয়ার্ড ব্লকের ১০ জনের মধ্যে ৫ জনের নামে, রিপাবলিক পার্টির ৫ জনের নামে গুরুতর ফৌজদারী মামলা রয়েছে। নির্বাচন কমিশনের রাজ্য সমন্বয়কারী ড. উজ্জয়িনী হালিম জানান, সাধারণ ভোটাররা প্রার্থীদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.eci.gov.in যাচাই করতে পারেন।

106 Views