ওয়েব ডেস্ক : অ্যাসোসিয়েশন অফ মিডডে মিল অ্যাসিস্ট্যান্টস (এএমএমএ) বা আম্মা-এর উদ্যোগে ২৮ জুন রবিবার, কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে এক গুরুত্বপূর্ণ কনভেনশন সফলভাবে অনুষ্ঠিত হয়। এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে আম্মার আহ্বায়ক জুবি সাহা জানান, এই কনভেনশনের মূল বিষয় ছিল ‘মিড-ডে মিলে শিশুদের প্রাণিজ প্রোটিন থেকে বঞ্চিত করা যাবে না এবং মিড-ডে মিলের রান্নার দায়িত্ব কোনও বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে মিড ডে মিল কর্মীদের রান্নার কাজ কেড়ে নেওয়া যাবে না’, এই দুটি দাবি। কনভেনশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অল ইন্ডিয়া সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্ট-এর অন্যতম পৃষ্ঠপোষক দেবপ্রসাদ মুখোপাধ্যায়, শিক্ষক সংগঠন এবিপিটিএ-র কেন্দ্রীয় কমিটির সদস্য পার্থপ্রতিম দত্ত, কলকাতা জেলা সমন্বয় পরিষদের সম্পাদক বরুণ দত্ত-সহ আম্মার নেতৃত্বরা। এদিন এই অনুষ্ঠান শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে, কনভেনশনের দাবিগুলি মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র আকারে পেশ করা হবে। দাবি আদায় না হলে বৃহত্তর লড়াই হবে।

122 Views