বিক্রম পাল, অশোকনগর

পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে এবং সবুজায়নের লক্ষ্যে দু’দিন ব্যাপী ‘এনভারনমেমট ক্লিন অ্যান্ড গ্রিন প্রোগ্রাম’-এর উদোগ নিয়েছে অশোকনগর মাউন্ট জিয়ন স্কুল। অশোকনগর বাইগাছিতে নৈহাটি রোডে মাউন্ট জিয়ন স্কুল প্রাঙ্গণে শনিবার বিজ্ঞান প্রদর্শনীর মধ্য দিয়ে এই উদ্যোগের সূচনা হয়। বিজ্ঞান প্রদর্শনীতে বিভিন্ন মডেল নিয়ে অংশগ্রহণ করে স্কুলের পড়ুয়ারা। এদিন স্কুলের ছাত্রছাত্রীদের কাছে ছিল একেবারেই এক ভিন্ন অভিজ্ঞতা। নিয়মিত পড়াশোনার চাপ ছিল না। এদিন তারা শিখেছে অন্যভাবে—বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে। বিভিন্ন মডেল প্রদর্শনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার, পরিবেশ দূষণের কারণ এবং কীভাবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা যায়, তা হাতেকলমে দেখিয়ে দিয়েছে। পাশাপাশি বৃহত্তর সমাজের উদ্দেশ্যে পরিবেশ সচেতনতার বার্তাও দিয়েছে তারা।

এদিন স্কুলের প্রিন্সিপাল রামমোহন পাল জানান, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে মাউন্ট জিয়ন স্কুল বরাবরই অঙ্গীকারবদ্ধ। পরিবেশ দূষণ রুখতে ছাত্রছাত্রীদের নিয়ে প্লাস্টিক বর্জনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষিকা নবনীতা বলেন, স্কুলের পক্ষ থেকে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, সবাই যদি পরিবেশ রক্ষার দায়িত্ববান হন, তবে অবশ্যই একটি দূষণমুক্ত ও সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব। উল্লেখ্য, দু’দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অর্থাৎ আগামীকাল রবিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘রাইমস অ্যান্ড রিদম’ (ছড়া এবং ছন্দ) শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের দাবি, সমগ্র কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনই সমাজের প্রতিও সবুজ ও পরিচ্ছন্ন ভবিষ্যৎ গড়ার বার্তা পৌঁছে যাবে।

152 Views