ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনার অশোকনগরে শুভ সূচনা হলো সংস্কার ভারতীর সম্পর্ক শাখার। ভারতীয় শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য ও পরম্পরাকে মানুষের মধ্যে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে অশোকনগরের মতো শিল্প-সংস্কৃতির শহরে এই শাখার পথচলা শুরু হওয়ায় সাংস্কৃতিক মহলে তৈরি হয়েছে নতুন উৎসাহ। রবিবার সন্ধ্যায় সংস্থার অশোকনগরের শাখা প্রমুখ তন্ময় বণিকের বাসভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর ২৪ পরগনা জেলার সংস্কার ভারতীর সভানেত্রী শাশ্বতী নাথ। উপস্থিত ছিলেন অশোকনগর শাখার অবজারভার অভিক দাঁ-সহ শহরের একাধিক শিল্প ও সংস্কৃতিমনস্ক মানুষ।

সংস্কার ভারতী মূলত ভারতীয় শিল্পসৃষ্টির প্রসার, শিল্পীদের উৎসাহ প্রদান এবং সঙ্গীত, নৃত্য, নাটক, চিত্রকলা, সাহিত্য ও লোকশিল্পের মতো বিভিন্ন শিল্পমাধ্যমের চর্চা ও বিকাশের লক্ষ্যে কাজ করে। সংগঠনটির লক্ষ্য ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে সংরক্ষণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে সেই পরম্পরাকে পৌঁছে দেওয়া। কর্মশালা, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পচর্চা ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়।

এদিন এই অনুষ্ঠানে সংগীতশিল্পী রিঙ্কু বিশ্বাসের কণ্ঠে ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’ গানটি এক আবেগঘন পরিবেশ তৈরি করে। এরপর শহীদ ক্ষুদিরাম বসুকে কেন্দ্র করে শ্রুতি নাটক পরিবেশন অনুষ্ঠানের পরিবেশকে আরও আবেগময় ও দেশাত্মবোধে ভরপুর করে তোলে। শিল্প, সংস্কৃতি ও দেশাত্মবোধের মেলবন্ধনে অশোকনগরে সংস্কার ভারতীর এই নতুন শাখার সূচনা আগামী দিনে শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন উদ্যম ও নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করেছেন এদিন উপস্থিত শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা।

78 Views