ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনার অশোকনগরে আন্তঃ রাজ্য অস্ত্র পাচার চক্রের হদিশ মিলল সিআইডির অভিযানে। রবিবার সকালে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সিআইডি ও অশোকনগর থানার যৌথ অভিযানে ৮ নম্বর মোড় এলাকায় নৈহাটি রোডে একটি ম্যাজিক গাড়ি আটক করা হয়। সেখান থেকে পূজা বিশ্বাস নামে এক মহিলাকে একটি ব্যাগ-সহ আটক করা হয়। ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত পূজা বিশ্বাসের বাড়ি হাবরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। তদন্তকারীদের দাবি, হাবরা এলাকায় বিক্রির উদ্দেশ্যেই তিনি বিহার থেকে অস্ত্র নিয়ে আসছিলেন। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি ৭ এমএম পিস্তল, দুটি ৯ এমএম পিস্তল, একাধিক ম্যাগাজিন (১২) এবং প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ। এছাড়াও উদ্ধার হয়েছে নগদ ১২ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে আন্তঃ রাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ থাকতে পারে। বিশেষ করে বিহারের মুঙ্গের জেলার সঙ্গে অস্ত্র পাচারের সম্ভাব্য সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি ট্রেনের টিকিট। তা দেখেই সিআইডি মনে করছে এই মহিলার সঙ্গে বিহারের যোগ রয়েছে। সিআইডি সূত্রে খবর, এই বিপুল পরিমাণ অস্ত্র কার কাছে পৌঁছোনোর কথা ছিল, কারা এর ক্রেতা এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিন সকালে ব্যস্ত রাস্তায় এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিআইডি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

ছবি : তন্ময় বণিক

82 Views