অমর চক্রবর্তী, হাবড়া

হাবরার বাণীপুর ড. বিআর আম্বেদকর স্পোর্টস স্কুল ও বাণীপুর সরকারি শারীর শিক্ষার শিক্ষণ প্রতিষ্ঠানে ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হলো ৬৫তম আন্তঃ জেলা ক্লাসটার সুব্রত মুখার্জি ফুটবল প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১৭ বছর বয়সের পড়ুয়াদের এই ফুটবল প্রতিযোগিতায় উত্তর ২৪ পরগনা, নদীয়া, হাওড়া, হুগলি, উত্তর কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার চ্যাম্পিয়ন বিদ্যালয় সমূহের আটটি দল অংশগ্রহণ করে। প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম হাইস্কুল হুগলি জেলার সেরা বিদ্যালয় দলটিকে ৪-০ গোলে হারায়। দ্বিতীয় খেলায় মধ্য কলকাতার দলটিকে ৫-০ গোলে হারায় দক্ষিণ কলকাতার দল। তৃতীয় সেমিফাইনাল খেলায় দক্ষিণ ২৪ পরগনার দল হাওড়া জেলার দলকে দুই এক গোলে হারায়। চতুর্থ সেমিফাইনাল খেলায় নদীয়া জেলার দল মধ্য কলকাতার দলকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। প্রথম সেমিফাইনাল খেলায় উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম হাইস্কুল চার এক গোলে পরাজিত করে নদীয়া জেলার হাসখালি সমবায়ী হাইস্কুলকে। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় দক্ষিণ ২৪ পরগনা জেলার কোদালিয়া প্রসন্ন বঙ্গ হাইস্কুল ১-০ গোলে পরাজিত করে দক্ষিণ কলকাতা জেলার নাকতলা হাইস্কুলকে। ফাইনাল খেলায় মধ্যমগ্রাম হাইস্কুল ৩-০ গোলে দক্ষিণ ২৪ পরগনা জেলার কোদালিয়া প্রসন্ন বঙ্গ হাইস্কুলকে পরাজিত করে চাম্পিয়ানের শিরোপা লাভ করে।

বহু বছর পরে আবার মধ্যমগ্রাম হাইস্কুল সুব্রত কাপের রাজ্য পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করল। সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হয় মধ্যমগ্রাম হাইস্কুলের আশিস মালি। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হিসাবে নির্বাচিত হন শুভম ভাওয়াল। রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের সহ-সম্পাদক রাজু দাস জানান যে, এই প্রতিযোগিতায় আটটি জেলার ১৬০ জন খেলোয়াড় ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের স্বাস্থ্য ও শারীর শিক্ষার শিক্ষক, কোচ ম্যানেজাররা অংশগ্রহণ করেন। খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স দুটি দল আগস্ট মাসের প্রথম সপ্তাহে কলকাতায় অনুষ্ঠিত রাজ্যের চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবার যোগ্যতা অর্জন করল। সারা রাজ্যেই অংশগ্রহণেকারী সংখ্যা চোখে পড়বার মতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. লক্ষীনারায়ণ কৈবর্ত, ডিওপি সোমনাথ দত্ত, হাসিবুল মল্লিক, রাজু দাস, ববিতা বিশ্বাস প্রমুখ। এদিন মধ্যমগ্রাম হাইস্কুলের শারীর শিক্ষার শিক্ষক সুজিত হালদার জানান যে, মধ্যমগ্রাম হাইস্কুলের পূর্বের হৃত সম্মান ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।

285 Views