আশিস কুমার ঘোষ, গোবরডাঙ্গা

সীমান্তে কর্মরত জওয়ানদের নিয়ে সৌভাতৃত্বের উৎসব ভাইফোঁটা উদযাপন করল গোবরডাঙ্গার সামাজিক সংগঠন ইচ্ছে উড়ান। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে উত্তর ২৪ পরগনার ঝাউডাঙ্গা বিএসএফ ক্যাম্পের জওয়ানদের মিষ্টি-সহ গোলাপ দিয়ে বরণ করে ভাইফোঁটা দেওয়া হয় এবং কেক কাটা হয়।জওয়ান ভাইদের ফোঁটা দেন ইচ্ছে উড়ান-এর মহিলা সদস্যরা। ইচ্ছে উড়ান-এর সম্পাদক পার্থ অধিকারী
জানান, আজ বাঙালির শ্রেষ্ঠ উৎসব ভাইফোঁটা উপলক্ষে মূলত আমাদের মহিলা সদস্যদের  উদ্যোগে  সীমান্তে কর্মরত জওয়ানদের সাথে দিনটি পালন করলাম, আমরা মনে করি যারা দেশের জন্য নিজেদের জীবন বাজি রেখে লড়াই করছে তাদের কুর্নিশ জানানো আমাদের কর্তব্য। তিনি আরও জানান, প্রতি বছরই এই দিনটা তাঁরা পালন করেন। বিগত বছরগুলিতে কখনও দৃষ্টিহীন ভাইদের, কখনও  শারীরিক প্রতিবন্ধী ভাইদের, কখনও প্রান্তিক ভাইদের, আবার কখনও সাংবাদিক ভাইদের ফোঁটা দিয়েছে সংস্থার মহিলা সদস্যরা। তিনি বলেন, আমরা ইচ্ছে উড়ান পরিবার মনে করি – জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সুখে দুঃখে মানুষের পাশে থাকাই প্রকৃত মনুষ্যত্বের পরিচয়। মানুষের ভালোবাসা ও আশীর্বাদ আমাদের পথ চলার শক্তি। আগামী দিনেও আমরা এই ভাবেই সুখে দুঃখে  মানুষের পাশে থাকতে চাই।

180 Views