ওয়েব ডেস্ক : স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষার দাবিতে অশোকনগরে নাগরিক মিছিলের ডাক দিলেন ডা: সুজন সেন, বাবুল কর, বিভাস ভট্টাচার্য, তাপস ব্যানার্জি, অনুপ মজুমদার (বাবুনি) ও সত্যসেবী কর। অভিযোগ, রাজ্যে পালাবদলের পর ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল বা ব্যক্তি নানান ভাবে আক্রান্ত হচ্ছেন। শাসকদলের কর্মীরা অনেক ক্ষেত্রেই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। নিগৃহীত করছেন বিরোধী শিবিরের রাজনৈতিক কর্মী-সমর্থকদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করতে বাধা দিয়েছেন বলেও অভিযোগ। আরও অভিযোগ, গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করাটাই শাসকদলের কর্মীদের নিত্যদিনের কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর পক্ষে এই নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে বলে খবর।
‘অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকার সচেতন সহনাগরিকের কাছে একটি বিনম্র আবেদন’ শিরোনামে তাঁরা লিখেছেন – সুধী বন্ধুগণ, ৪ মে আমাদের রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। এর ফলে অনেকাংশের ধারণা হয়েছিল ১৫ বছরের অপশাসনের শেষে সব মতের মানুষ স্বাধীনভাবে তার মতপ্রকাশের স্বাধীনতা পাবেন। দুঃখের বিষয় হলো সারা রাজ্যের পাশাপাশি আমাদের এই শহরে স্বাধীন মতপ্রকাশের অধিকার বারেবারে লঙ্ঘিত হচ্ছে।
পুরবোর্ড ভাঙা হয়েছে। যার ফলে কথা ছিল, নতুন সরকার প্রশাসক বসিয়ে শহর পরিচ্ছন্ন বা রাস্তাঘাটগুলো চলার উপযোগী করে তোলার চেষ্টা করবে। তা না করে, তার পরিবর্তে নতুন শাসকের ছত্রছায়ায় কেউ কেউ পুরানো শাসকের ধারাতেই চলছেন। ভয় আউট ভরসা ইনের বদলে গণতান্ত্রিক শক্তি বা মানুষকে ভয় দেখিয়ে দমাতে চাইছেন। অপর দিকে মানুষকে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার বেশিরভাগই পূরণ হচ্ছে না।
এর বিপরীতে আমাদের সামনে দেশজোড়া গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা রয়েছে।যেখানে দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগে বাধ্য হয়েছেন। তাই, এই অভিজ্ঞতা যাতে সকলেই গ্রহণ করেন এবং আমাদের শহরের রাজনৈতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে অশোকনগর কল্যানগড় পুরসভা এলাকার সকল নাগরিকদের কাছে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর পক্ষ থেকে আমরা আবেদন করছি, সকলের জন্য ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে আগামী ৫ আগস্ট, বুধবার বিকাল ৫.৩০টায় গোলবাজারে সমবেত হয়ে নাগরিক মিছিলে সকলে অংশগ্রহণ করুন। মিছিল শেষে ৮ নং কালিবাড়ি মোড়ে সংক্ষিপ্ত সভাতেও সকলে সপরিবারে থাকুন।

