বিক্রম পাল, অশোকনগর : সোমবার রেলের পক্ষ থেকে অশোকনগর রোড স্টেশন সংলগ্ন সমস্ত দোকানে উচ্ছেদের নোটিস দেওয়া হয়। উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে স্টেশন প্লাটফর্মের দোকানগুলো ছাড়াও রেল বাজারে৷ এই নোটিসের প্রতিবাদে দোকানদারেরা একজোট হয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। এদিন জাতীয় পতাকা হাতে নিয়ে তাঁরা অশোকনগর স্টেশন সংলগ্ন বাজার থেকে মিছিল শুরু করেন। মিছিলটি ৩ নম্বর রেলগেট হয়ে বিল্ডিং মোড় পর্যন্ত যায়। দোকানদারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসলেও হঠাৎ উচ্ছেদের নোটিসে তাঁদের জীবিকা সংকটের মুখে পড়েছে। তাঁরা রেলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান এবং সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানান। জানা গেছে, এই উচ্ছেদ অভিযানের ফলে প্রায় ১০০০ পরিবার বিপন্ন হয়ে পড়বে। এদিন মিছিল থেকে দাবি ওঠে বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা যাবে না।
76 Views

