আশিস কুমার ঘোষ, হাওড়া

সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতের পাশাপাশি হাওড়া জেলা আদালত – শ্রীরামপুর মহকুমা আদালতেও শনিবার বসেছিল জাতীয় লোক আদালত। এদিন হাওড়া জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান সুভাষ কুমার করের নেতৃত্বে ও জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব আর্শেয়া মুস্তাকের পরিচালনায় জেলার সদর আদালতে ১৫টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩টি বেঞ্চ হয়। হাওড়া আইনি পরিষেবা কেন্দ্রের সচিব আর্শেয়া মুস্তাক জানান, ‘এদিন জাতীয় লোক আদালতে নথিভূক্ত মামলার বেশিরভাগ নিষ্পত্তি ঘটেছে। এইসব মামলায় অর্থের পরিমাণ কয়েক কোটি টাকার বেশি।’ হাওড়া জেলা জাতীয় লোক আদালতের ১০ নং বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক সাধন কুমার মন্ডলের নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চ ছিল। এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ‘বেঞ্চ মেম্বার‘ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের ‘নন এ্যাডভোকেট মিডিয়েটর’ ও ‘আইনি সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন।

এদিন এই বেঞ্চে বন্ধন ব্যাঙ্কের এবং এসএমএফজি ফাইনান্সের ঋণখেলাপীদের শুনানি চলে। এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিষ্পত্তি ঘটে। এছাড়া ১১ নং বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক অসীম দেবনাথ-এর নেতৃত্বে লোক আদালত বসে। হাওড়া জেলা আইনি পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য বলেন, ‘অন্যান্য বেঞ্চে ট্রাফিক আইন, মানি স্যুট, টাইটেল স্যুট, ব্যাংক, এনজিআর, বিদ্যুৎ প্রভৃতি বিষয়ক মামলার নিষ্পত্তি ঘটে।’ অপরদিকে হুগলি জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব মানালী সামন্তের নেতৃত্বে ২৯টি বেঞ্চে জাতীয় লোক আদালত বসে। ওই আইনি পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার সাহানা খাতুন বলেন, ‘সমাজের বিভিন্নস্তরের গুণীজনদের আমরা বেঞ্চ মেম্বার হিসাবে পেয়েছি।’

3 Views