অমর চক্রবর্তী, অশোকনগর

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজ্যজুড়ে ‘একটি গাছ মায়ের নামে’ আহ্বান জানিয়ে বর্ষব্যাপী বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেছে রাজ্য সরকার। এদিন বিধাননগরের নলবনে এই কর্মসূচির সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সারা রাজ্যের পাশাপাশি অশোকনগরেও এই কর্মসূচি পালিত হয়। এদিন সকালে অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে অংশ নেন অশোকনগরের বিধায়ক ডা: সুময় হীরা। সঙ্গে ছিলেন হাসপাতালে সুপার ডা: তরুণ বালা এবং অ্যাসিস্ট্যান্ট সুপার-সহ কর্মচারীবৃন্দ।
হাসপাতাল সুপার জানান, হাসপাতালে রোপণ করা চারাগুলিকে যত্ন করে বড় করে তোলা হবে। অন্যদিকে বিধায়ক ডা: হীরা জানান, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। সে কারণেই সরকারের নির্দেশমতো বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। অশোকনগর হাসপাতালে কুড়িটি গাছের চারা রোপণ ছাড়াও এদিন অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়ন (এএসএ)-এর সহযোগিতায় আয়োজিত অশোকনগর স্টেডিয়াম (বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গন)-এ এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ডা: সুময় হীরা।

প্রসঙ্গত, অশোকনগরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন এএসএ-র হাতে দীর্ঘদিন ধরে স্টেডিয়াম পরিচালনার দায়িত্ব ছিল। কিন্তু প্রাক্তন বিধায়ক নারায়ণ গোস্বামীর আমলে অশোকনগর কল্যাণগড় পুরসভা এই স্টেডিয়ামের দায়িত্বভার এএসএ-র থেকে কেড়ে নেয়। এনিয়ে অশোকনগরের ক্রীড়াপ্রমী মানুষ এবং ক্রীড়া সংগঠকরা ক্ষুব্ধ। বিধায়ক নির্বাচিত হওয়ার পর ডা: সুময় হীরার নির্দেশে এদিন এএসএ-র উদ্যোগে স্টেডিয়ামে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এদিন বিধায়ক জানান, পুরসভা এবং এএসএ কর্মকর্তাদের নিয়ে শীঘ্রই তিনি বৈঠকে বসবেন এবং সুষ্ঠু সমাধানের রাস্তায় হাঁটবেন। অন্যদিকে এএসএ-র সম্পাদক সৌমিত্র ঘোষ বিধায়কের ভূয়সী প্রশংসা করেন। এতদিন অনুপস্থিত থাকা এএসএ-র সদস্য বিরাজ ঘোষ, মলয় গুপ্ত, সংস্থার সভাপতি সুভাষ কুন্ডু, বরুণ দাস, পিন্টু হালদার, উদয় শঙ্কর দাস-সহ বহু প্রবীণ সদস্য এদিন অশোকনগর স্টেডিয়ামে আনন্দের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এদিন সৌমিত্র বাবু জানান, অশোকনগর খেলাধুলায় সবসময় এগিয়ে থাকে। দীর্ঘদিন ধরেই সেই ধারাকে অব্যাহত রেখেছে অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন। গত শাসকের তুঘলকি ভূমিকায় তারা ব্যথিত হয়েছিলেন। স্টেডিয়ামের দায়িত্বভার তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু সেসব দিন চলে গেছে, এখন সুদিন ফিরছে। ডাক্তার হীরার নির্দেশে তার আজ বৃক্ষরোপণ করলেন। এছাড়াও তাদের ঐতিহ্যমন্ডিত মাস্টারদা স্মৃতি শিল্ড, লীগের খেলা-সহ অন্যান্য ক্রীড়া অনুষ্ঠানও তারা দায়িত্বের সঙ্গে পালন করবেন।

ছবি : অভিজিৎ ঘোষ

109 Views