আশিস কুমার ঘোষ, কলকাতা

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সূচনা হবে ২২ জানুয়ারি ২০২৬, মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ববন্দ্যোপাধ্যায় মেলার উদ্বোধন করবেন। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বিশিষ্ট কবি সাহিত্যিক ও অন্যান্য গুণীজন। বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠকধন্য বই উৎসব। এ বছর বইমেলায় এসেছিলেন ২৭ লাখ বইপ্রেমী মানুষ। বই বিক্রির পরিমাণ ২৩ কোটি টাকা। মেলার এই অভাবনীয় সাফল্যে উদ্যোক্তারা যেমন আনন্দিত তেমনি চিন্তিত। কারণ, আগামী বইমেলায় অংশগ্রহণের জন্য অনেক নতুন প্রকাশক আবেদন করেছেন। অথচ বইমেলা প্রাঙ্গণের পরিসর কম থাকার জন্য সকলকে স্টল দেওয়া সম্ভব হয়নি। সোমবার কলকাতা পার্ক হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীব কুমার চট্টোপাধ্যায়। তিনি আরও জানান, আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্টিনা। ভারত তথা বাংলার অতি নিকট সম্পর্ক আর্জেন্টিনার এই অংশগ্রহণের মাধ্যমে দু’দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে।

এদিন এই সাংবাদিক সম্মেলনে এসেছিলেন আর্জেন্টিনা দূতাবাসের দুজন প্রতিনিধি। বইমেলার ফোকাল থিম হিসেবে অংশগ্রহণের নিয়ে তাদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো। প্রতিবছরের মতো আগামী ২০২৬ সালের বইমেলায় অংশগ্রহণ করতে চলেছে গ্রেট ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলম্বিয়া, জাপান, থাইল্যান্ড এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ। আলোচনা চলছে আরও কিছু দেশের সঙ্গে। দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খন্ড, কর্ণাটক, উড়িষ্যা, ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যের থেকে প্রকাশক সংস্থা অংশগ্রহণ করবে। যথারীতি থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেন্স প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণ। প্রায় ১০০০-এর বেশি স্টল থাকবে এই মেলায়। শারদ উৎসবের পর রাজ্যের সবচেয়ে বড় উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা সুবর্ণজয়ন্তীর পথে।

153 Views