ওয়েব ডেস্ক : কল্যাণগড় বিদ্যামন্দিরের ৭৫ বর্ষপূর্তি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান হবে আগামী ২২ ও ২৩ মার্চ। বুধবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কল্যাণগড় বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিশির কান্তি মন্ডল। সেই সঙ্গে বিদ্যামন্দিরের প্রাক্তনীদের এই উৎসবে সাদর আমন্ত্রণ জানান তিনি। উল্লেখ্য, ২০২৩ সালের ২ অক্টোবর এই স্কুলের ৭৫ বর্ষপূর্তি উৎসবের সূচনা হয়। উৎসবের সমাপ্তি হওয়ার কথা ছিল ২০২৪ সালে। কিন্তু সাধারণ নির্বাচনের কারণে তা আর হয়নি। নির্বাচনের সময়ে এই স্কুলে আধাসামরিক বাহিনীর জওয়ানদের রাখা হয়েছিল। তখন স্কুলের গেট ভেঙে যায়। এই পরিস্থিতিতে আর উৎসবের উদ্যোগ নেয়নি স্কুল কর্তৃপক্ষ। এদিন সাংবাদিক সম্মেলনে বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিশির কান্তি মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন প্লাটিনাম জুবিলি উৎসব কমিটির সম্পাদক সৌভিক দাস, কমিটির অন্যতম সদস্য হিমাংশু দাস এবং শিক্ষক শান্তনু রঞ্জন হালদার প্রমুখ।

এদিন সৌভিক দাস বলেন, উৎসবের সূচনা অনুষ্ঠান ছুটির দিনে না হওয়ায় বহু প্রাক্তনী আসতে পারেনি। সেদিকে লক্ষ্য রেখে সমাপ্তি অনুষ্ঠান রবি ও সোমবার করা হচ্ছে। সমগ্র অনুষ্ঠানে প্রাক্তনীদের সাদর আমন্ত্রণ জানান তিনি। এছাড়াও এই সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সমাপ্তি অনুষ্ঠানে পৌষালী বন্দ্যোপাধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন। পাশাপাশি পড়ুয়াদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আন্ত বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কমিটির অন্যতম সদস্য হিমাংশু দাস বলেন, উদ্বাস্তু নগরীর প্রথম হাইস্কুল কল্যাণগড় বিদ্যামন্দির। এই বিদ্যামন্দির এর ছাত্রছাত্রীরা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে। এই স্কুলের ইতিহাস তুলে ধরা দরকার।স্মরণিকা প্রকাশ করা জরুরি। উৎসবের সূচনা অনুষ্ঠান নিয়ে আশা ছিল অনেক, কিন্তু কিছু ঘাটতি হয়েছে। পরবর্তীতে উৎসব কমিটির সক্রিয়তার অভাব দেখা গিয়েছে। তিনি আরও বলেন, প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীদেরও তুলে আনা দরকার। পড়ুয়াদের অনুষ্ঠান আশা করি ভালো হবে। প্রথম পর্যায়ের অনুষ্ঠানে প্রাক্তনীদের তেমন গুরুত্ব দেওয়া হয়নি। সেদিকে এবার বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রাক্তনীদের আরও বেশি সমাবেশিত করার উপর জোর দেন তিনি।

83 Views