আশিস কুমার ঘোষ, হাবড়া
হাবরা অশোকনগর এলাকায় বুনিয়াদি শিক্ষার একটি অগ্রণী বিদ্যালয় প্রফুল্লনগর নার্সারি এন্ড কেজি স্কুলের ৫০ বছর পূর্তি উৎসব উদযাপনের সূচনা হল রবিবার। এদিন এই স্কুলের পড়ুয়াদের এক বর্ণাঢ্য প্রভাতফেরি হাবড়া শহর পরিক্রমা করে। আগামী ৯-১১ জানুয়ারি নানা সংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপিত হবে। প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিদ্যালয়ের সম্পাদক পুলকান্তি ঘোষ জানিয়েছেন যে, ১৯৭৬ সালে প্রয়াত অধ্যাপক অনিল রঞ্জন গুহের সঙ্গে এলাকার বেশ কয়েকজন শিক্ষানুরাগী মাত্র ১৩ জন ছাত্রছাত্রী নিয়ে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৭০০-এরও বেশি। এলাকার বেশ কিছু ছাত্রছাত্রী দেশে-বিদেশে নানা ভাবে প্রতিষ্ঠিত। পাশাপাশি বিদ্যালয়ের অধ্যক্ষা-সহ পরিচালক সমিতির সদস্যরা জানান, এই স্কুলের এক ছাত্র বর্তমানে নাসার পরমাণু বিজ্ঞানী, আইপিএস, আইএসএস-সহ কেউ কেউ কানাডা, যুক্তরাষ্ট্রে উচ্চপদে কর্মরত। তাই এই বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনেকটা বর্ণময়।
স্কুল সূত্রে জানা গিয়েছে, রবিবার ছাত্র-ছাত্রীদের প্রভাত ফেরী ছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে হাবরা হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ৯ থেকে ১১ জানুয়ারি ছাত্র-ছাত্রীদের সংগীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং শেষ দিনে অনুষ্ঠিত হবে জি বাংলা সারেগামাপা খ্যাত সংগীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্যের সংগীতানুষ্ঠান।


