ওয়েব ডেস্ক : বিজয়ার শুভেচ্ছার ডালি নিয়ে দুয়ারে দুয়ারে হাজির হচ্ছেন তৃণমূল কর্মীরা। যদিও সবার দুয়ারে নয়, তারা হাজির হচ্ছেন প্রবীণ অসহায় ও অসুস্থদের দুয়ারে। বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছেন। সেই সঙ্গে মিষ্টির প্যাকেট-সহ উপহারও তুলে দিচ্ছেন তাঁদের হাতে। শুক্রবার সকালে এই ছবি দেখা গেল অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১১ নং ওয়ার্ডে। এই কর্মসূচির নেতৃত্বে প্রাক্তন পুরপ্রধান পরিষদ সদস্য অনুপ রায় ও ওয়ার্ডের কাউন্সিলর কাজল রায়। এদিন সকালে তাঁদের নেতৃত্বে ওয়ার্ডের তৃণমূল কর্মীরা প্রায় ১০০ জন প্রবীণ অসহায় অসুস্থ মানুষের কাছে যান। বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন এবং অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে তুলে দেন মিষ্টির প্যাকেট এবং উপহার। অনুপ রায় জানান, ওয়ার্ডের বেশকিছু প্রবীণ অসুস্থ মানুষ আছেন যাঁরা পুজো উৎসবের আনন্দ থেকে বঞ্চিত। কারণ, তাঁরা বাড়ি থেকে বেরতে পারেন না। তাঁদের বিজয়ার শুভেচ্ছা জানাতে ও তাঁদের আশীর্বাদ নিতে আমরা আজ বাড়ি বাড়ি গিয়েছি। একটি মিষ্টির প্যাকেট ও সাধ্যমতো উপহার তুলে দিয়েছি। অসুস্থ মহিলাদের একটি করে নাইটি এবং অসুস্থ পুরুষদের হাতে একটি করে লুঙ্গি তুলে দেওয়া হয়েছে।
333 Views


