শুভঙ্কর ঘোষাল, অশোকনগর

সাত সকালেই হুলস্থূল কান্ড অশোকনগর কল্যাণগড় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। এলাকার প্রয়াত প্রাক্তন বিধায়ক ননী করের পাড়ায় চক্রবর্তী বাড়িতে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক মহিলা চোর। উত্তেজিত জনতা তাকে উত্তম-মধ্যম দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ এবং অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়।
চক্রবর্তী বাড়ির বাসিন্দা সুস্মিতা চক্রবর্তী জানান, অসতর্কতার সুযোগে মহিলাটি ভিক্ষুক সেজে তাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে। তাদের নজর এড়িয়ে সে দুটি মোবাইল ফোন এবং একটি সোনার কানের দুল নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করছিল। সুস্মিতা দেবী বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং মহিলাটিকে ধরে ফেলেন। এরপরেই শুরু হয় উত্তম-মধ্যম। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানান, শিয়ালদা থেকে ট্রেনে করে অশোকনগরে এসেছেন তিনি। এভাবেই বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করার ছলে গৃহস্থের অসতর্কতার সুযোগ খোঁজেন। আর প্রধানত তার টার্গেট থাকে মোবাইল, টাকা-পয়সা এবং সোনার অলংকার-এর দিকে। পুলিশ এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে। এই ঘটনার জেরে অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকার নাগরিকদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। ভিক্ষার ছলেই কিন্তু চোরেরা বাড়িতে প্রবেশ করতে পারে, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। সাতসকালে এমন ঘটনায় অশোকনগর কল্যাণগড় জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

192 Views