আশিস কুমার ঘোষ, অশোকনগর
অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর উদ্যোগে গত কয়েক বছর ধরে অশোকনগরে চলছে দূর্গাপুজো কার্নিভাল। অশোকনগর কল্যাণগড় পুরসভা, হাবড়া ২নং পঞ্চায়েত সমিতি ও অশোকনগর থানার যৌথ উদ্যোগে সেরা পুজোর আয়োজকদের পুরস্কৃত করা হয়। গত ১১ অক্টোবর শনিবার অশোকনগর শহীদ সদনে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মাধ্যমে সেরা পুজো কমিটিগুলোকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর-সহ পুরসভা ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। এবছর সেরার সেরা শিরোপা অর্জন করে কল্যাণগড় সুহৃদ সংঘ সংঘ। দ্বিতীয় স্থান অধিকার করে অশোকনগর ৮নং স্কিম ভারতী মাঠ ও তৃতীয় স্থান অধিকার করে বান্ধব সমিতি। বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, আগামী বছর থেকে পুজো কার্নিভালে অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের এক লক্ষ টাকা, ৭৫ হাজার টাকা ও ৫০ হাজার টাকা দেওয়া হবে।


