আশিস কুমার ঘোষ, হাবড়া

এঁরা কেউ ট্রেনের কামরায় বাদাম বিক্রি করেন, কেউবা খাতা-পেন কিংবা মলম বিক্রি করে জীবিকা অর্জন করে থাকেন। কেউ আবার প্ল্যাটফর্মে বসে ফল, চা কিংবা খবরের কাগজ বিক্রি করে দিন-গুজরান করেন। সমাজের প্রতি এদেরও যে দায়বদ্ধতা রয়েছে সেটা প্রমাণ করতেই এরা প্রতিবছর ভাইফোঁটার পরের দিন রুজি রোজগার বন্ধ করে একত্রিত হন সামাজিক কর্মকান্ডে মিলিত হবার জন্য। সিপিএমের শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত হাবরা রেলওয়ে হকার্স ইউনিয়নের শ্যামা পূজা উপলক্ষে এবারও স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে ৭২ জন হকার্স ভাই-বোন স্বেচ্ছায় রক্ত দিলেন। সিপিএমের রাজ্য নেত্রী গার্গী চ্যাটার্জি এই শিবিরের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন হাবরা পুরসভার প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত রায় চৌধুরী, প্রবীণ বামপন্থী নেতা নলিনী রঞ্জন মল্লিক, যুবনেতা অভিজিৎ দাস, দিবাকর মিত্র প্রমুখ। সিটুর হাবরা শাখার সম্পাদক সাধন কুন্ডু জানান, এই রক্তদান শিবিরে হকার ভাই-বোনেরা এবং তাদের পরিবারের লোকেরাই মূলত রক্তদান করেন। সারা বছর ধরে প্রচন্ড পরিশ্রম করার পরে এই একটা দিনের জন্য হকার ভাইরা উদগ্রীব হয়ে থাকেন। তাদের দেওয়া রক্তে একটা মুমূর্ষু মানুষের জীবন ফিরে পেলে তারা গর্বিত হয়ে ওঠেন। প্রায় ২০ জনের বেশি মহিলা রক্তদাতা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন।

169 Views