আশিস কুমার ঘোষ, হাবড়া

সংস্কৃতিচর্চা কেন্দ্র মানবী কথার তৃতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে ২৫ অক্টোবর শনিবার হাবড়ার কলতান প্রেক্ষাগৃহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো। মূলত বাচিক শিল্পী পাপড়ি চক্রবর্তীর উদ্যোগে এই সাংস্কৃতিক সন্ধার আয়োজন। মঞ্চ ও দূরদর্শনের স্বনামধন্য শিল্পীরা পরিবেশন করলেন উপভোগ্য তিনটি শ্রুতি নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস অবলম্বনে শ্রুতি নাটক চোখের বালি পরিবেশিত হয়। নাটকে অংশ নেন প্রথিতযশা শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, পাপড়ি চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, চৈতালি গোস্বামী, ব্রততী, রাখী ও রূপা। নাটকটি পরিচালনা করেন সতীনাথ মুখোপাধ্যায়। নাট্য রূপদান করেন স্বপন গাঙ্গুলী। এছাড়া ছিল বিদেশি লেখক হেলেন নেলসনের গল্প অবলম্বনে কোর্টরুম শ্রুতি নাটক সাক্ষী। এই নাটকেও অংশ নেন নামী শিল্পীরা। তৃনা মিত্র রচিত শ্রুতি নাটক ঠিক দুপুর দুটো। এই নাটকে অভিনয় করেন পাপড়ি চক্রবর্তী ও চৈতালি গোস্বামী।

এদিন প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা, হাবড়ার প্রাক্তন বিধায়ক তপতী দত্ত প্রমুখ। অতিথিদের ফুল ও স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়া স্থানীয় এলাকার বেশ কয়েকজন নাট্য ব্যক্তিত্বকে এই মঞ্চ থেকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান শুরু হয় অকালবোধন শ্রুতি দৃশ্য উপস্থাপনার মাধ্যমে। এই অনুষ্ঠানে ভাষ্য পাঠে ছিলেন পাপড়ি চক্রবর্তী ও অবন্তিকা চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানের ভাবনা ও পরিকল্পনায় ছিলেন পাপড়ি চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অরিজিৎ , আবহে ছিলেন শান্তনু ব্যানার্জী। দর্শকদের পরিপূর্ণ প্রেক্ষাগৃহে হাবড়ার সংস্কৃতিপ্রেমীরা আরও একবার মনোমুগ্ধকর একটি শ্রুতি নাটক সন্ধ্যা উপহার পেল মানবী কথার তরফ থেকে।

163 Views