ওয়েব ডেস্ক : বিরল রোগে আক্রান্ত সাত বছর বয়সের ছোট্ট শিশু দীপায়নকে জীবনের সুযোগ দিন। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানালেন অসহায় এক মা। মঙ্গলবার সকালে অশোকনগর বিল্ডিং মোড়ে পরিবার সুরক্ষা ডক্টর চেম্বারে এক সাংবাদিক সম্মেলনে এই আবেদন জানান তিনি। ছোট্ট শিশু দীপায়ন সাহার সুস্থ জীবনই লক্ষ্য তাঁর। তাই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন জানানোর পাশাপাশি সর্বসাধারণের কাছেও সাহায্যের জন্য আর্তি জানান দীপায়নের মা রিনা বিশ্বাস। কারণ, তাঁর সন্তান দীপায়ন বিরল রোগ ডুচেন মাসকুলার ডিস্ট্রফির সঙ্গে লড়াই করছে। এই রোগের চিকিৎসার জন্য ২৭ কোটি টাকার প্রয়োজন। স্বামী মৃত্যুঞ্জয় সাহা পেশায় টোটোচালক। কোনও রকমে তাঁদের দিন গুজরান হয়। পরিবার ও আত্মীয়স্বজনের পক্ষে বিপুল অঙ্কের এই ব্যয়ভার বহন করা সম্ভব নয়। ফলে এই পরিস্থিতিতে সর্বসাধারণের সহায়তার জন্য এদিন আবেদন জানান নগরউখরা মহাদেবপুরের বাসিন্দা মৃত্যুঞ্জয় সাহা ও রিনা বিশ্বাস। প্রয়োজনে ৯৩৮২০৪৬৭৪৫ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন।
197 Views


